৫ হত্যা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা নজরুল ইসলাম কারাগারে
সাতক্ষীরা জেলার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে পাঁচটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার (১০ আগস্ট) তাকে সাতক্ষীরার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিলাশ মণ্ডলের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
বিষয়টি নিশ্চিত করেন সাতক্ষীরা আদালতের কোর্ট ইন্সপেক্টর মো. মইন উদ্দিন। আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ওসমান গনি, সাইদুর রহমান সাইদ ও আল মাহমুদ পলাশ।
মো. নজরুল ইসলাম (৭৩) সাতক্ষীরা সদর উপজেলার উত্তর ফিংড়ি গ্রামের আব্দুল জব্বারের ছেলে ও বর্তমানে শহরের সুলতানপুর এলাকার বাসিন্দা। নজরুল ইসলাম দীর্ঘদিন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যানও ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, গত ২৭ জুলাই নজরুল ইসলামকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ঢাকার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে পরদিন আদালতে পাঠানো হয়।
এরপর পাঁচটি হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার দেখানোর জন্য গত বুধবার সাতক্ষীরার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তারা আবেদন জানান। সে অনুযায়ী গত বৃহস্পতিবার ঢাকার কারাগার থেকে তাকে সাতক্ষীরা কারাগারে আনা হয়। সোমবার সকাল সাড়ে ৯টায় তাকে সাতক্ষীরা কারাগার থেকে আদালতে আনা হয়। দুপুর ১২টার দিকে আদালতের কাঠগড়ায় তোলা হলে অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম বিলাস মণ্ডল তাকে পাঁচটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর অনুমতি দেন। একইসঙ্গে তার মামলায় জামিন আবেদন না মঞ্জুর করেন।
নজরুল ইসলাম আদালত চত্বরে জানান, এসব মামলার ঘটনা সম্পর্কে তিনি কিছু জানেন না। তাকে পরিকল্পিতভাবে হয়রানি করতে এসব মামলায় তার নাম দেওয়া হয়েছে।
সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক মঈনউদ্দিন জানান, আসামি মো. নজরুল ইসলামের জামিন আবেদন না মঞ্জুর হওয়ায় সোমবার দুপুর ১টার দিকে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
What's Your Reaction?