শ্রীলঙ্কা সফরে যাওয়া হচ্ছে না বুমরার, কতটা গুরুতর বুমরার চোট
কলম্বোর বিমান আর ধরা হচ্ছে না যশপ্রীত বুমরার। আগস্টে শ্রীলঙ্কার বিপক্ষে হতে যাওয়া দুই টেস্টের সিরিজ থেকে বাদ পড়েছেন ভারতের এই তারকা পেসার। চোট কাটিয়ে পুরোপুরি ফিট হতে সময় লাগবে বলেই তাঁকে নিয়ে তাড়াহুড়ো না করার পরামর্শ দিয়েছে বিসিসিআইয়ের মেডিকেল দল।
চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকেই বাঁ হাঁটুতে চোট বয়ে বেড়াচ্ছেন বুমরা। কদিন আগে শেষ হওয়া ইংল্যান্ড সফরের দ্বিতীয় ওয়ানডেতে তিনি সর্বশেষ বোলিং করেছিলেন। লর্ডসে সিরিজের শেষ ম্যাচে মাঠেই নামতে পারেননি। বিসিসিআই তখন জানিয়েছিল, কার্ডিফে ফিল্ডিং করার সময় পাওয়া চোটের কারণেই তিনি খেলতে পারছেন না।
ইংল্যান্ড সফর শেষ হতেই দীর্ঘমেয়াদি ফিটনেস কৌশলের অংশ হিসেবে হাঁটুতে ইনজেকশন নিতে হয় তাঁকে। চলতি সপ্তাহেই বেঙ্গালুরুর 'সেন্টার অব এক্সিলেন্স (সিওই)'-এ গিয়ে ফিটনেস পরীক্ষা দেন বুমরা।
মেডিকেল দলের পর্যবেক্ষণ: এখনই বোলিংয়ে ফিরলে হাঁটু চোট মারাত্মক আকার ধারণ করতে পারে। তাতে অনেক দীর্ঘ সময়ের জন্য দলের বাইরে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হবে।
বুমরার হাঁটু চোট কতটা গভীর বা গুরুতর, তা নিয়ে স্পষ্ট কোনো তথ্য জানা যায়নি। তবে আইপিএলের আগেও তিনি ফিটনেস ছাড়পত্রের জন্য সিওই-তে গিয়েছিলেন। মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে সর্বশেষ আইপিএলে ১৩টি ম্যাচ খেলেছেন, তবে শেষ ম্যাচে মাঠে নামেননি। এবার শ্রীলঙ্কা সফরের দল থেকেও তাঁকে সরিয়ে নেওয়া হলো। অবশ্য এখন পর্যন্ত তাঁর কোনো বিকল্পের নাম ঘোষণা করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড।
শ্রীলঙ্কায় ১৫ আগস্ট গলে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। কলম্বোর এসএসসিতে দ্বিতীয় ম্যাচটি ২৩ আগস্ট থেকে। তবে মূল লড়াইয়ে নামার আগে ৭ আগস্ট থেকে কলম্বোতে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে সফরকারীদের।
What's Your Reaction?