রিয়াদগামী বিমানের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের বিজি-৩৩৯ ও বিজি-৩৪০ ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট ফ্লাইটের যাত্রীদের এখনই বিমানবন্দরে না যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।
সংস্থাটি জানিয়েছে, বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সার্বিক অবস্থা পর্যালোচনা শেষে স্থগিত হওয়া ফ্লাইটগুলোর পুনঃনির্ধারিত সময়সূচি রোববার (১১ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, টিকিটধারী ও ক্ষতিগ্রস্ত যাত্রীরা তাৎক্ষণিক প্রয়োজনীয় তথ্যের জন্য বিমানের কেন্দ্রীয় কল সেন্টারে যোগাযোগ করতে পারেন অথবা তাঁদের নিকটস্থ বিমান বিক্রয় কার্যালয়ে যেতে পারেন। পরিস্থিতি স্বাভাবিক হলে ও নতুন কোনো সিদ্ধান্ত এলে তা সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট এবং অন্যান্য যোগাযোগমাধ্যমে হালনাগাদ জানানো হবে।
অপ্রত্যাশিত এই ফ্লাইট স্থগিতের কারণে যাত্রী ও তাঁদের পরিবারের সদস্যদের যে ভোগান্তি হচ্ছে, এর জন্য দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
What's Your Reaction?