মধ্যপ্রাচ্যের ৬ দেশে যেতে আর লাগবে না আলাদা ভিসা, এক ভিসাতেই সুযোগ
মধ্যপ্রাচ্যের ছয়টি দেশে ভ্রমণের জন্য শিগগিরই চালু হতে যাচ্ছে নতুন ভিসা ব্যবস্থা। গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) মহাসচিব জাসেম মোহাম্মদ আল-বুদাইউই জানিয়েছেন, ‘জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা’ ব্যবহার করে পর্যটকরা একটি ভিসার মাধ্যমেই উপসাগরীয় ছয় দেশে ভ্রমণ করতে পারবেন। এই পদক্ষেপ শিগগিরই আলোর মুখ দেখবে বলেও জানান তিনি।
খালিজ টাইমসের মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, নতুন এই ভিসা চালু হলে বিদেশি পর্যটকেরা একটি ভিসার মাধ্যমেই সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কাতার, ওমান এবং কুয়েতে যেতে পারবেন। ইউরোপের শেনজেন ভিসা ব্যবস্থার আদলে চালু হতে যাওয়া এই ভিসার আওতায় ছয়টি দেশে সহজে ভ্রমণ করা যাবে।
রিয়াদে গত ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত ‘সিকিউরিটি অ্যান্ড হিস্ট্রি ডায়ালগ ২০২৬’-এর বিশেষ অধিবেশনে বিষয়টি নিশ্চিত করেন জিসিসির মহাসচিব।
তবে ভিসাটি কবে থেকে কার্যকর হবে, এর জন্য কত টাকা ব্যয় করতে হবে, মেয়াদ কতদিন থাকবে এবং কীভাবে আবেদন করতে হবে—এ বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি।
এর আগে খালিজ টাইমস জানিয়েছিল, একীভূত ভিসাটি অনুমোদিত হয়েছে এবং এটি বাস্তবায়নের কাজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষ পরিচালনা করছে।
২০২৩ সালের অক্টোবরে জিসিসিভুক্ত দেশগুলোর পর্যটনমন্ত্রীরা সর্বসম্মতভাবে একীভূত পর্যটন ভিসার প্রস্তাব অনুমোদন করেন। পরের মাসে পরিষদের স্বরাষ্ট্রমন্ত্রীরাও একীভূত উপসাগরীয় পর্যটন ভিসার অনুমোদন দেন। এর মাধ্যমে পরিকল্পনাটি বাস্তবায়নের আরো এক ধাপ এগিয়ে যায়।
২০২৫ সালের জুনে সংযুক্ত আরব আমিরাতের অর্থমন্ত্রী আবদুল্লাহ বিন তৌক আল মাররি খালিজ টাইমসকে জানিয়েছিলেন, একক উপসাগরীয় পর্যটন ভিসা অনুমোদিত হয়েছে এবং এখন তা বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে।
আল মাররি এই একক ভিসা ব্যবস্থাকে আঞ্চলিক সংহতি জোরদার এবং একটি একক পর্যটন গন্তব্য হিসেবে উপসাগরীয় অঞ্চলের আকর্ষণ বৃদ্ধির পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। তবে তখনো ভিসাটি চালুর সঠিক তারিখ ঘোষণা করা হয়নি। এর খরচ ও মেয়াদও প্রকাশ করা হয়নি।
What's Your Reaction?