মডেল রিধির আত্মহত্যার মামলায় জামিন পাননি প্রেমিক হাসিবুর
ঢাকার ভাটারা থানাধীন এলাকার বাসা থেকে মডেল রিধিকা রিধির ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে করা মামলায় তার প্রেমিক হাসিবুর রহমানের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১৯ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে হাসিবুরের পক্ষে তার আইনজীবী গোলাম কিবরিয়া ছোটন জামিন চেয়ে শুনানি করেন। শুনানি নিয়ে আদালত জামিনের আবেদন নাকচ করে দেন বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই কামাল হোসেন।
গত শনিবার সকালে রিধিকে শয়নকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রিধির মা মনি বেগম সেদিন বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন।
মামলায় তার প্রেমিক হাসিবুর রহমানকে আসামি করা হয়। ঘটনার দিন হাসিবুর রিধিকে দেখতে তার বাসায় এসেছিলেন। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।
রবিবার মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার এসআই আব্দুল ওয়াদুত আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
হাসিবুর রহমানের পক্ষে তার আইনজীবী গোলাম কিবরিয়া ছোটন জামিন চেয়ে আবেদন করেন। তবে মঙ্গলবার শুনানি করতে চান তিনি। পরে আদালত তাকে কারাগারে পাঠিয়ে জামিন শুনানির দিন রাখেন মঙ্গলবার। তবে মঙ্গলবার শুনানি পিছিয়ে রাখা হয় বুধবার।
পুলিশ বলছে, ঘটনার সময় রিধি তার প্রেমিকের সঙ্গে ভিডিওকলে ছিলেন। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হলেও মৃত্যুর প্রকৃত কারণ ও এর পেছনের পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।
What's Your Reaction?