ভারতকে ছাড়িয়ে বাংলাদেশের বাণিজ্যে দ্বিতীয় বৃহত্তম অংশীদার যুক্তরাষ্ট্র
ভারতকে ছাড়িয়ে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার হয়েছে যুক্তরাষ্ট্র। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য বলছে, গত অর্থবছরে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের মোট বাণিজ্য হয়েছে ১২ দশমিক ৬৭ বিলিয়ন ডলার। অন্যদিকে, একই সময়ে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যের পরিমাণ ছিল ১০ দশমিক ৭২ বিলিয়ন ডলার। ফলে মোট বাণিজ্যের হিসাবে ভারতকে পেছনে ফেলে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। তবে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার হিসেবে চীনই এখনো শীর্ষে রয়েছে।
যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানির পরিমাণ বাড়ায় বাংলাদেশের বাণিজ্য অংশীদারদের তালিকায় এই পরিবর্তন এসেছে। গত এক বছরে দেশটি থেকে আমদানি প্রায় ৪৩ শতাংশ বেড়ে ৩ দশমিক ৫৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে। মার্কিন শুল্কনীতির প্রভাব মোকাবিলায় যুক্তরাষ্ট্র থেকে কৃষিপণ্য ও জ্বালানি আমদানি বাড়ানোর উদ্যোগ নেয় বাংলাদেশ। এর ফলে গম, সয়াবিন বীজ, তুলা ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
এর পাশাপাশি মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ১৪টি বিমান কেনার সিদ্ধান্তও দুই দেশের বাণিজ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
বাংলাদেশ ও ভারতের বাণিজ্যে গত এক বছরে কিছুটা নেতিবাচক প্রভাব পড়েছে। দুই দেশের বিভিন্ন বিধিনিষেধ ও পাল্টাপাল্টি সিদ্ধান্তের কারণে দ্বিপক্ষীয় বাণিজ্য বাধাগ্রস্ত হয়েছে। বাংলাদেশ স্থলবন্দর দিয়ে ভারত থেকে সুতা আমদানি বন্ধ করে দেয়। এর জবাবে ভারতও কলকাতা বিমানবন্দর ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে পাঠানোর বিশেষ সুবিধা বাতিল করে।
ফলে দুই প্রতিবেশী দেশের বাণিজ্যিক সম্পর্কে কিছুটা টানাপোড়েন দেখা দিলেও বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও বিস্তৃত হচ্ছে।
What's Your Reaction?