বুড়িগঙ্গার তীরে বর্জ্য অপসারণ ও স্থাপনা উচ্ছেদ

Oct 13, 2026 - 09:25
 0  1
বুড়িগঙ্গার তীরে বর্জ্য অপসারণ ও স্থাপনা উচ্ছেদ

হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী বুড়িগঙ্গা নদীর তীরবর্তী ঢাকার লালবাগ ও কামরাঙ্গীরচর থানাধীন ইসলামবাগ এলাকায় সমন্বিত উচ্ছেদ ও বর্জ্য অপসারণ অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) পরিচালিত এ অভিযানে নদীর দুই তীর থেকে প্রায় ১০০ টন প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য অপসারণ এবং ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে ২টি এস্কেভেটর ও ৫টি ড্রাম ট্রাক ব্যবহার করা হয়।

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ কর্তৃক দায়েরকৃত রিট পিটিশনের অনুবৃত্তিক্রমে দাখিল করা আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২ সেপ্টেম্বর হাইকোর্ট উল্লিখিত এলাকার বর্জ্য অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে নির্দেশনা প্রদান করেন। এ নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কমিটির উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

বিআইডব্লিউটিএ, ঢাকা জেলা প্রশাসন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও পরিবেশ অধিদপ্তরের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মোবারক হোসেন মজুমদার, নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফ উদ্দিন, লালবাগের সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম এবং পরিবেশ অধিদপ্তরের ঢাকা মহানগর কার্যালয়ের পরিদর্শক মো. তরিকুল ইসলামসহ সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তা-কর্মচারী, পুলিশ ও নৌপুলিশ সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বুড়িগঙ্গা নদীর দূষণ নিয়ন্ত্রণ, প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য অপসারণ এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এ সমন্বিত অভিযান অব্যাহত থাকবে।




What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

সারাদেশ ভিশন: বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা এবং স্থানীয় সম্প্রদায়ের উন্নয়ন, সম্ভাবনা ও বাস্তবতার সবচেয়ে বিশ্বাসযোগ্য, তথ্যভিত্তিক এবং প্রভাবশালী জ্ঞানভান্ডার হওয়া; যা দেশের তৃণমূল বাস্তবতা বোঝার প্রধান রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বাংলাদেশের স্থানীয় জনজীবন, স্থানীয় সরকার, আঞ্চলিক উন্নয়ন, জনসেবা, নাগরিক সমস্যা এবং মাঠপর্যায়ের বাস্তব ঘটনাবলিকে নির্ভুল, দ্রুত, প্রেক্ষাপটসমৃদ্ধ ও সমাধানমুখী সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে দেশের প্রতিটি অঞ্চলের কণ্ঠস্বর জাতীয় সিদ্ধান্ত ও জনআলোচনায় যথাযথ গুরুত্ব পায়।