বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে আবরার ফাহাদের পরিবার
কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নির্যাতনে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৫টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
আবরার ফাহাদ বুয়েটের শেরেবাংলা হলের আবাসিক ছাত্র এবং তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
২০১৯ সালের ৬ অক্টোবর রাতে হলের একটি কক্ষে ডেকে নেওয়া হয় তাকে। ভারত-বাংলাদেশের অসম চুক্তি ও পানি বণ্টন নিয়ে ফেসবুকে দেওয়া তার একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে তাকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা কয়েক ঘণ্টা ধরে মারধর করেন। একপর্যায়ে নির্যাতনের শিকার হয়ে সেখানেই আবরার মারা যান।
এ ঘটনায় পরে মামলা হয় এবং আদালতের রায়ে আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।
What's Your Reaction?