বাজারে নিত্যপ্রয়োজনীয় কোনো পণ্যের দাম বাড়েনি: খাদ্য প্রতিমন্ত্রী
জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেছেন,দেশের অর্থনীতি বর্তমানে অত্যন্ত মজবুত ও শক্তিশালী অবস্থানে রয়েছে।অতীতের যেকোনো সময়ের তুলনায় এখন বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেশি রয়েছে। রেমিট্যান্স প্রবাহ স্বাভাবিক থাকায় বাজারে নিত্যপ্রয়োজনীয় কোনো পণ্যের দাম বাড়েনি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে জয়পুরহাট জেলা শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে বাজারে নিত্যপ্রয়োজনীয় কোনো পণ্যের দাম বাড়েনি। দীর্ঘ সময়ের মধ্যে এবারই প্রথম রমজান মাসে পণ্যের দাম বৃদ্ধির কোনো রেকর্ড নেই উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী অত্যন্ত দক্ষতার সাথে মধ্যপ্রাচ্যের জ্বালানি সংকট মোকাবিলা করেছেন এবং দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়াননি। পার্শ্ববর্তী দেশের সাথে দামের পার্থক্য ও পাচার রোধে সম্প্রতি সামান্য সমন্বয় করা হয়েছে মাত্র।
প্রতিমন্ত্রী আব্দুল বারী আরও বলেন, সংসদের দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। তবে সংবিধান সংশোধন ছাড়া এই সনদ বাস্তবায়ন সম্ভব নয় বিধায় ইতোমধ্যে সংশোধন কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিতে বিরোধী দলের জন্য নির্দিষ্ট পদ রাখা হয়েছে ।সেখানে অংশ নিয়ে দেশে চিরতরে ফ্যাসিবাদ ও স্বৈরাচারের প্রত্যাবর্তন বন্ধ করতে একসঙ্গে কাজ করেন।
What's Your Reaction?