প্রণোদনার ৪১ হাজার কোটি টাকা দেবে ১৭ ব্যাংক
দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কলকারখানা পুনরায় চালু, বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানো এবং স্থবির অর্থনীতিতে পুনরায় গতি ফেরাতে বাংলাদেশ ব্যাংকের ঘোষিত ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা বাস্তবায়নে অগ্রগতি হয়েছে। এ প্রণোদনার আওতায় ৪১ হাজার কোটি টাকা দিতে ১৭টি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বৃহস্পতিবার এ চুক্তির ঘোষণা দেওয়া হয়।
প্রণোদনার অর্থ দিতে সম্মত হওয়া ১৭টি ব্যাংক হলো- সোনালী, অগ্রণী, রূপালী, ব্র্যাক, সিটি, যমুনা, ডাচ্-বাংলা, মিউচুয়াল ট্রাস্ট, উত্তরা, প্রাইম, ব্যাংক এশিয়া, এনসিসি, পূবালী, ইস্টার্ন, মার্কেন্টাইল, ট্রাস্ট ও সাউথইস্ট ব্যাংক। এর আগে গত ২৩ মে অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার এ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক।
গতকাল বৃহস্পতিবার মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এই অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. কবির আহাম্মদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. সারোয়ার হোসেন, নির্বাহী পরিচালক মো. এনামুল করিম খান ও মো. আবুল বাসারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
What's Your Reaction?