পেট সুস্থ রাখে ফাইবারযুক্ত যেসব খাবার
শরীর সুস্থ রাখতে শুধু পুষ্টিকর খাবার খেলেই হয় না, খেয়াল রাখতে হয় পরিপাকতন্ত্রের স্বাস্থ্যের দিকেও। কারণ পেটের ভেতরের উপকারী ব্যাকটেরিয়ার ভারসাম্য শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে শুরু করে মেজাজ ভালো রাখার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর এই গাট হেলথ ভালো রাখতে খাদ্যতালিকায় পর্যাপ্ত ফাইবার রাখা বেশ জরুরি। নিয়মিত কিছু ফাইবারসমৃদ্ধ খাবার খেলে পরিপাকতন্ত্র সুস্থ রাখার পাশাপাশি কোষ্ঠকাঠিন্যসহ বিভিন্ন হজমের সমস্যা কমাতেও সহায়তা করতে পারে। পেটের স্বাস্থ্য ভালো রাখতে খাদ্যতালিকায় রাখতে পারেন যেসব ফাইবারযুক্ত খাবার—
১. ডাল ও বিভিন্ন ধরনের বিনস মসুর ডাল, ছোলা, কালো বিনস এবং কিডনি বিনসে প্রচুর পরিমাণে দ্রবণীয় ও অদ্রবণীয় ফাইবার থাকে। এসব ফাইবার পেটের উপকারী ব্যাকটেরিয়ার জন্য খাদ্য হিসেবে কাজ করতে পারে এবং পরিপাকতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে সহায়তা করে।
২. গোটা শস্য ওটস, বার্লি এবং ব্রাউন রাইসের মতো গোটা শস্য ফাইবারের ভালো উৎস। এগুলো পরিপাকতন্ত্রের জন্য উপকারী এবং নিয়মিত মলত্যাগে সহায়তা করে। ফলে পেট পরিষ্কার রাখতেও এসব খাবার ভূমিকা রাখতে পারে।
৩. ফাইবারসমৃদ্ধ ফল আপেল, খোসাসহ নাশপাতি, রাস্পবেরি ও ব্ল্যাকবেরির মতো ফলে রয়েছে প্রচুর ফাইবার। এসব ফল থেকে শরীর পেকটিনসহ বিভিন্ন প্রয়োজনীয় পুষ্টি পায়, যা পরিপাকতন্ত্রের স্বাস্থ্যের জন্য উপকারী।
৪. সবুজ শাকসবজি ও আলু ব্রকলি, বিভিন্ন ধরনের সবুজ শাকসবজি এবং খোসাসহ আলুতেও ভালো পরিমাণে ফাইবার থাকে। নিয়মিত এসব খাবার খেলে মলত্যাগের প্রক্রিয়া সহজ হতে পারে এবং পরিপাকতন্ত্র সুস্থ রাখতে সহায়তা করতে পারে।
৫. চিয়া সিড, ফ্ল্যাক্স সিড ও আমন্ড চিয়া সিড, ফ্ল্যাক্স সিড এবং আমন্ডে রয়েছে ফাইবার ও স্বাস্থ্যকর ফ্যাট। এসব খাবার খাদ্যতালিকায় রাখলে পেটের উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে সহায়তা করতে পারে।
৬. মিষ্টি আলু মিষ্টি আলুতে রয়েছে পটাশিয়াম, বিটা ক্যারোটিন, বি ভিটামিন এবং ফাইবার। একটি মাঝারি আকৃতির মিষ্টি আলুতে প্রায় ৪ গ্রাম ডায়েটারি ফাইবার পাওয়া যায়। তাই এটি পেটের স্বাস্থ্য ভালো রাখতে খাদ্যতালিকায় রাখা যেতে পারে।
৭. গাজর গাজরে থাকা বিটা ক্যারোটিন শরীরে গিয়ে ভিটামিন এ-তে রূপান্তরিত হয়। পাশাপাশি এতে রয়েছে উল্লেখযোগ্য পরিমাণ ডায়েটারি ফাইবার। এক কাপ কাটা গাজরে প্রায় ৪.৬ গ্রাম ডায়েটারি ফাইবার পাওয়া যায়।
পেটের স্বাস্থ্য ভালো রাখতে প্রতিদিনের খাবারে পর্যাপ্ত ফাইবার রাখা গুরুত্বপূর্ণ। তবে হঠাৎ করে বেশি ফাইবার খাওয়ার পরিবর্তে ধীরে ধীরে পরিমাণ বাড়ানো এবং পর্যাপ্ত পানি পান করা ভালো। ডাল, গোটা শস্য, ফল, শাকসবজি, বাদাম ও বীজ,বিভিন্ন ধরনের ফাইবারসমৃদ্ধ খাবার মিলিয়ে খাদ্যতালিকা তৈরি করলে পরিপাকতন্ত্রের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সহায়তা করতে পারে।
What's Your Reaction?