পরোক্ষ ধূমপানে বছরে প্রাণ হারাচ্ছেন প্রায় ১৭ লাখ মানুষ

Sep 8, 2026 - 19:54
 0  11
পরোক্ষ ধূমপানে বছরে প্রাণ হারাচ্ছেন প্রায় ১৭ লাখ মানুষ

নিজে ধূমপান না করেও অন্যের সিগারেটের ধোঁয়ার কারণে প্রাণ হারাচ্ছেন কোটি কোটি মানুষ। নতুন এক গবেষণায় দেখা গেছে, ২০২৩ সালে বিশ্বজুড়ে প্রায় ১৭ লাখ মানুষ পরোক্ষ ধূমপানের কারণে মারা গেছেন। একই সময়ে প্রায় ২৭০ কোটি মানুষ পরোক্ষ ধূমপানের সংস্পর্শে ছিলেন, যাদের মধ্যে ৭৬ কোটি ৭০ লাখই শিশু।

সিগারেট, পাইপ বা চুরুটের ধোঁয়া অন্য কেউ গ্রহণ করলে তাকে পরোক্ষ ধূমপান বলা হয়। গবেষকদের মতে, সামান্য পরিমাণ ধোঁয়াও স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে, যা হৃদরোগ, স্ট্রোক, ফুসফুসের নানা জটিলতা এবং ক্যানসারের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের নেতৃত্বে পরিচালিত এই গবেষণাটি ‘দ্য ল্যানসেট পাবলিক হেলথ’ জার্নালে প্রকাশিত হয়েছে। গবেষক দলটি ২০৪টি দেশের তথ্য বিশ্লেষণ করে জানিয়েছে, ২০২৩ সালে বিশ্বজুড়ে প্রায় ১৭ লাখ মানুষ পরোক্ষ ধূমপানের কারণে মারা গেছেন।

এ ছাড়া গত বছর বিশ্বব্যাপী প্রায় ২৭০ কোটি মানুষ পরোক্ষ ধূমপানের শিকার হয়েছেন, যার মধ্যে ৭৬.৭ কোটি শিশু (যাদের বয়স ১৪ বছর বা তার কম) অন্তর্ভুক্ত রয়েছে।

মৃত্যুর প্রধান কারণসমূহ

পরোক্ষ ধূমপানের কারণে সবচেয়ে বেশি মানুষ মারা যায় হৃদরোগে। ২০২৩ সালে বিশ্বজুড়ে ৫ লাখ ৩৭ হাজার মানুষের মৃত্যুর পেছনে এই কারণটি জড়িত ছিল।এ ছাড়া সিওপিডি, স্ট্রোক, শ্বাসনালীর সংক্রমণ এবং ফুসফুস ও শ্বাসনালীর ক্যানসারেও বহু মানুষ মারা গেছেন।

কোন অঞ্চলে প্রভাব বেশি

দক্ষিণ-পূর্ব এশিয়া, পূর্ব এশিয়া এবং ওশেনিয়া অঞ্চলে পরোক্ষ ধূমপানের কারণে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে (প্রায় ৬ লাখ ৮৯ হাজার)। এর পরেই রয়েছে দক্ষিণ এশিয়া, যেখানে মৃত্যুর সংখ্যা প্রায় ৪ লাখ ২৮ হাজার। চীন, ভারত এবং ইন্দোনেশিয়ায় ধূমপানের উচ্চ হারের কারণে বিশ্বের মোট পরোক্ষ ধূমপানের শিকার মানুষের প্রায় অর্ধেকই এই তিন দেশে বসবাস করেন।

যুক্তরাজ্যের চিত্র

যুক্তরাজ্যে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। ১৯৯০ সালে যেখানে প্রায় ১৪,৯০০ মানুষ পরোক্ষ ধূমপানের কারণে মারা গিয়েছিলেন, ২০২৩ সালে সেই সংখ্যা কমে দাঁড়ায় ৬,১০০ জনে। যুক্তরাজ্যে প্রাপ্তবয়স্ক ধূমপায়ীর হার ১৯৯০ সালের ৩০ শতাংশ থেকে কমে বর্তমানে প্রায় ১০ শতাংশে নেমে এসেছে। তবে গবেষকদের মতে, পরোক্ষ ধূমপানের কারণে স্বাস্থ্যগত ক্ষতি এখনো বেশ বড় উদ্বেগের বিষয় রয়ে গেছে।

গবেষণার সীমাবদ্ধতা

এই গবেষণায় গবেষকরা শুধুমাত্র বাসা এবং কর্মক্ষেত্রের তথ্য সংগ্রহ করতে পেরেছেন। অর্থাৎ গাড়ি, বিনোদন কেন্দ্র বা জনসমাগমস্থলে মানুষ কতটুকু ধোঁয়ার শিকার হচ্ছেন, তা এই পরিসংখ্যানে অন্তর্ভুক্ত করা হয়নি। তাছাড়া মানুষ ঠিক কতক্ষণ ধরে এই ধোঁয়ার সংস্পর্শে ছিল, তাও পরিমাপ করা সম্ভব হয়নি।

উদ্বেগজনক এই গবেষণার প্রেক্ষিতে বিশ্বব্যাপী তামাকের উচ্চ কর, ধূমপানবিরোধী বিজ্ঞাপন নিষিদ্ধ করা এবং সাধারণ মোড়কজাতকরণ ব্যবস্থা চালুর মতো কঠোর পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন গবেষকরা। একই সঙ্গে যুক্তরাজ্যে বর্তমানে প্রচলিত ই-সিগারেট বা ভেপিং তামাকের ধোঁয়া তৈরি না করায়, সেগুলোর ক্ষেত্রে এই পরোক্ষ ধূমপানের ঝুঁকি সরাসরি প্রযোজ্য নয় বলে জানিয়েছে দেশটির জাতীয় স্বাস্থ্য পরিষেবা ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস)।

পরোক্ষ ধূমপানের প্রভাব শুধু ধূমপায়ীর মধ্যেই সীমাবদ্ধ নয়, আশপাশের মানুষও এর কারণে গুরুতর স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। তাই ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং তামাক নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

লাইফ স্টাইল Vision: বাংলা ভাষায় স্বাস্থ্যকর জীবন, মানসিক সুস্থতা, পরিবার, কর্মজীবন, ব্যক্তিগত উন্নয়ন এবং জীবনমান সম্পর্কিত সবচেয়ে নির্ভরযোগ্য, গবেষণানির্ভর ও প্রভাবশালী Human Development Platform হওয়া; যা ব্যক্তি, পরিবার এবং সমাজের জীবনমান উন্নয়নের একটি প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: স্বাস্থ্য, পুষ্টি, ভ্রমণ, পরিবার, ক্যারিয়ার, ফ্যাশন, খাদ্য, মানসিক সুস্থতা এবং জীবনদক্ষতা সম্পর্কে বৈজ্ঞানিক তথ্য, বিশেষজ্ঞ মতামত, গবেষণা এবং বাস্তব অভিজ্ঞতার সমন্বয়ে এমন কনটেন্ট তৈরি করা, যা মানুষকে আরও সচেতন, সুস্থ, দক্ষ এবং দায়িত্বশীল জীবনযাপনে অনুপ্রাণিত করে।