নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ ও সমালোচনার অধিকার সবার: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন,নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করা এবং সরকারের সমালোচনা করার অধিকার সবার রয়েছে। জনগণ যাতে নির্ভয়ে কথা বলতে পারে, সে পরিবেশ নিশ্চিত করা সরকারের দায়িত্ব বলেও জানিয়েছেন তিনি।
সোমবার (২৪ আগস্ট) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘নির্বাচন-পরবর্তী বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন,মানবাধিকার ও গুম প্রতিরোধ আইনে কিছু জটিলতা থাকায় যাচাই-বাছাই করে প্রয়োজনীয় সংশোধনের পর তা সংসদে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
আইনমন্ত্রী আরও বলেন, গত ছয় মাসে একটি গুমের ঘটনা ঘটেছে। এ ছাড়া আরও তিনটি ঘটনার তদন্ত চলছে। গুমের বিষয়ে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে বলেও জানান তিনি।
মিথ্যা মামলা প্রসঙ্গে তিনি বলেন, দেশে কোনো মিথ্যা মামলা হচ্ছে না—এ কথা বলা যাবে না। তবে বিষয়টি নিয়ে সরকার সতর্ক রয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সংবিধান সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, ১৯৭২ সালের সংবিধান যতদিন থাকবে, ততদিন প্রয়োজন অনুযায়ী এতে সংস্কার করতে হবে। তবে সংশ্লিষ্ট কমিটির প্রস্তাব ও নাম এখনো পাওয়া যায়নি।
দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে আইনমন্ত্রী বলেন, ‘আমরা সামনে এগিয়ে যেতে চাই, পেছনে যেতে চাই না। আমাদের ভুল হতে পারে, তবে আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা জুলাই সনদের পথ ধরেই এগোতে চাই।’
What's Your Reaction?