তীব্র তাপমাত্রায় দিল্লিতে রেড অ্যালার্ট

Jun 12, 2025 - 11:33
Jun 12, 2025 - 19:38
 0  95
তীব্র তাপমাত্রায় দিল্লিতে রেড অ্যালার্ট

বিশ্ব ডেস্ক

ভারতের রাজধানী দিল্লিতে  তীব্র গরমের মধ্যে হিট ইনডেক্সে তাপমাত্রা ৫১.৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর কারণে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।  দেশটির আবহাওয়া বিভাগ বলেছে, রাজধানীতে তাপপ্রবাহের পরিস্থিতি চলছে।

আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী, ১৩ জুন পর্যন্ত এই ভয়াবহ গরমের ধারা অব্যাহত থাকবে। ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার (১২ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, দিল্লিতে প্রচণ্ড গরমের দাপটে বুধবার রেড অ্যালার্ট জারি করা হয়েছে। মূলত শহরের বিভিন্ন জায়গায় তাপমাত্রা ৪০.৯ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। এর সঙ্গে আর্দ্রতা যোগ হয়ে তৈরি হওয়া হিট ইনডেক্স (তাপমাত্রা অনুভব করার মাত্রা) এক লাফে পৌঁছেছে ৫১.৯ ডিগ্রি সেলসিয়াসে, যা অত্যন্ত বিপজ্জনক।

বুধবার বিকেল ৫টা ৩০ মিনিটে ভারতের এই রাজধানীর সবচেয়ে বেশি গরম ছিল আয়ানগরে, সেখানে তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াস। এরপর পালাম (৪৪.৫), রিজ (৪৩.৬), পিতমপুরা (৪৩.৫), লোদি রোড (৪৩.৪), ময়ূর বিহার (৪০.৯) এবং সফদরজং (৪৩.৩) ছিল অন্যান্য গরম অঞ্চল।

হিট ইনডেক্সে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস পার হওয়ার পর ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, তাপমাত্রা ও আপেক্ষিক আর্দ্রতার ওপর নির্ভর করে প্রতিদিনের হিট ইনডেক্সের মান পরিবর্তিত হয়। যদিও এই হিট ইনডেক্স ভারতীয় আবহাওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে যাচাই করা হয়নি এবং এর কোনো সরকারি রেকর্ডও রাখা হয় না।

আবহাওয়া বিভাগ বলেছে, রাজধানী দিল্লিতে তাপপ্রবাহের (হিটওয়েভ) পরিস্থিতি চলছে, যদিও বুধবার কেবল আয়ানগরেই তাপপ্রবাহের অবস্থা রেকর্ড করা হয়েছে। এর আগের দিন তিনটি স্টেশনে এমন অবস্থা ছিল।

আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী, ১৩ জুন পর্যন্ত এই ভয়াবহ গরমের ধারা অব্যাহত থাকবে। এরপর একটি পশ্চিমী ঝড় উত্তর-পশ্চিম ভারতে প্রবেশ করতে পারে, যা দিল্লিতে হালকা বৃষ্টি ও বজ্রপাত নিয়ে আসতে পারে।

আইএমডি-এর বিজ্ঞপ্তি অনুযায়ী, দিল্লিতে বর্তমান তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ডিগ্রি বেশি, যার ফলে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। বৃহস্পতিবারেও তাপমাত্রা ৪৩-৪৫ ডিগ্রি সেলসিয়াস থাকার আশঙ্কা রয়েছে, সঙ্গে ৪০-৬০ কিমি গতির দমকা হাওয়া এবং সন্ধ্যা বা রাতে হালকা বৃষ্টি বা বজ্রঝড় হতে পারে।

এনডিটিভি বলছে, রেড অ্যালার্ট মানে হলো, জনসাধারণকে অবিলম্বে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে—যেমন বেশি পানি খাওয়া, রোদ এড়িয়ে চলা এবং দুপুরের সময় বাইরে যাওয়া এড়ানো। আইএমডি-এর জ্যেষ্ঠ বিজ্ঞানী ড. নরেশ কুমার বলেন, “তীব্র গরম বৃহস্পতিবার পর্যন্ত চলবে। তবে ১৩ জুন রাতে যে পশ্চিমী ঝড় আসবে, তা তাপপ্রবাহ কমাতে সাহায্য করবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ইন্টারন্যাশনাল ডেস্ক ভিশন: বাংলা ভাষাভাষী বিশ্বের জন্য আন্তর্জাতিক রাজনীতি, কূটনীতি, ভূরাজনীতি, বৈশ্বিক অর্থনীতি এবং বিশ্বপরিবর্তনের সবচেয়ে বিশ্বাসযোগ্য, গবেষণানির্ভর ও প্রভাবশালী জ্ঞানকেন্দ্র হওয়া; যা বিশ্বকে বোঝার ক্ষেত্রে বাংলাদেশি পাঠকের প্রথম রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বিশ্বের গুরুত্বপূর্ণ রাজনৈতিক, কূটনৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগত ঘটনাবলিকে তথ্য, গবেষণা, প্রেক্ষাপট এবং বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করা; যাতে পাঠক শুধু "বিশ্বে কী ঘটছে" তা নয়, বরং "কেন ঘটছে", "বাংলাদেশের জন্য এর অর্থ কী" এবং "ভবিষ্যতে এর সম্ভাব্য প্রভাব কী"—তা গভীরভাবে বুঝতে পারেন।