ঢাবিতে এসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

Jul 14, 2026 - 16:48
Jul 14, 2026 - 16:48
 0  13
ঢাবিতে এসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের পাশেই এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ।
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ও জলাবদ্ধতার মাঝেও এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় ব্যাপক বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুষ্ঠান চলাকালেই এই বিক্ষোভের ঘটনা ঘটে। একপর্যায়ে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর গাড়ির কাছাকাছি অবস্থান নিয়ে স্লোগান দিলে সেখানে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সকাল ১১টা থেকেই বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষা স্থগিত না করার প্রতিবাদে সায়েন্সল্যাব মোড় ও উত্তরার বিএনএস সেন্টারের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন ঢাকা সিটি কলেজ, সরকারি বাংলা কলেজ ও সিদ্ধেশ্বরী গার্লস কলেজসহ প্রায় ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এর কারণে সায়েন্সল্যাব, নিউমার্কেট ও ধানমন্ডিসহ আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়, এতে চরম দুর্ভোগে পরতে হয় সাধারণ যাত্রীদের। সায়েন্সল্যাবের সড়ক অবরোধ শেষে দুপুর পৌনে ১টার দিকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষা ভবন ঘেরাওয়ের উদ্দেশ্যে রওনা হন।

বিক্ষোভ মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বর এলাকায় পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়। তখন পাশেই সিনেট ভবনে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে অবস্থান করছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুলিশের বাধায় শিক্ষার্থীরা মল চত্বরেই বসে পড়েন এবং ‘দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। প্রধানমন্ত্রীর গাড়ি বহর যাতায়াতের সময় শিক্ষার্থীদের এই অবস্থানকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সদস্য সেখানে সতর্ক অবস্থান নেন।

এ সময় আশপাশে ছাত্রদলের নেতাকর্মীদেরও অবস্থান নিতে দেখা যায় এবং একপর্যায়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির নেতাকর্মীদের নিয়ে এসে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে হুঁশিয়ারি ব্যক্ত করেছেন। এই সময়ের মধ্যে দাবি আদায় না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তারা

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ফিচার Vision: বাংলা ভাষায় গভীর অনুসন্ধান, দীর্ঘ আকারের সাংবাদিকতা, মানবিক গল্প এবং বিশ্লেষণধর্মী বর্ণনামূলক প্রতিবেদনের সবচেয়ে প্রভাবশালী ও বিশ্বাসযোগ্য Narrative Journalism Platform হওয়া; যা সময়, সমাজ এবং মানুষের পরিবর্তনের একটি স্থায়ী জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: সমসাময়িক ঘটনা, ব্যক্তি, সমাজ, সংস্কৃতি, ধারণা এবং পরিবর্তনকে গভীর গবেষণা, অনুসন্ধান, সাক্ষাৎকার, তথ্য, ইতিহাস এবং মানবিক দৃষ্টিভঙ্গির সমন্বয়ে উপস্থাপন করা; যাতে পাঠক কেবল ঘটনা জানতে না পারেন, বরং সেই ঘটনার মানবিক, সামাজিক, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক তাৎপর্যও উপলব্ধি করতে পারেন।