ট্রাক থামাতেই ছিনতাইকারীর হানা, ছুরিকাঘাতে চালক নিহত

Oct 4, 2026 - 18:06
 0  1
ট্রাক থামাতেই ছিনতাইকারীর হানা, ছুরিকাঘাতে চালক নিহত

টাঙ্গাইলের কালিহাতী মহাসড়কে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রাজীব হোসেন (৩০) এক ট্রাকচালক নিহত হয়েছেন।

রবিবার (৪ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন কালিহাতী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী। এর আগে শনিবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গায় এই ঘটনা ঘটে।

নিহত রাজীব হোসেন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ঠ্যাংজোড়া এলাকার আবুল হোসেনের ছেলে।

এ ঘটনায় জড়িত অভিযোগে মিন্টু ও ফারুক নামে দু’জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, কুড়িগ্রাম থেকে পাথরবোঝাই একটি ট্রাক ঢাকা যাচ্ছিল। শনিবার দিবাগত রাত ২টার দিকে এলেঙ্গায় এসে পৌঁছায়। চালক রাজীব হোসেন ট্রাকটি মহাসড়কের পাশে থামিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে নীচে নামেন। এ সময় ৪/৫ জন ছিনতাইকারী তার মোবাইল ফোন ও টাকা-পয়সা ছিনিয়ে নিতে চাইলে তিনি বাধা দেন। তখন ছিনতাইকারীরা রাজীবের গলায় শ্বাসনালীতে ও পিঠে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। রাজীবের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করে। তখন স্থানীয়রা ধাওয়া করে মিন্টুকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ অভিযান চালিয়ে ফারুক নামে আরেকজনকে আটক করে।


আটক দু’জনই কালিহাতী উপজেলার এলেঙ্গা উত্তরপাড়া এলাকার বাসিন্দা। 

কালিহাতী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। এ ঘটনায় জড়িত অভিযোগে দু’জনকে আটক করা হয়েছে। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মারা যান রাজীব।

নিহতের মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ন্যাশনাল ভিশন: বাংলাদেশের জাতীয় জনজীবন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সরকারি কার্যক্রম এবং নাগরিক বাস্তবতার সবচেয়ে বিশ্বাসযোগ্য, জবাবদিহিমূলক ও জনস্বার্থভিত্তিক সংবাদ ও জ্ঞানকেন্দ্র হওয়া; যা নাগরিক, নীতিনির্ধারক, গবেষক এবং গণমাধ্যমের জন্য জাতীয় ঘটনাপ্রবাহের প্রধান রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: রাজধানী, মন্ত্রণালয়, সংসদ, আদালত, নির্বাচন, জনসেবা এবং নাগরিক জীবনের প্রতিদিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলি দ্রুত, নির্ভুল, প্রেক্ষাপটসমৃদ্ধ এবং ভারসাম্যপূর্ণভাবে উপস্থাপন করা; যাতে নাগরিকেরা রাষ্ট্রের কার্যক্রম, সরকারি সিদ্ধান্ত এবং সেগুলোর বাস্তব প্রভাব সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারেন।