জ্বরের ঔষধেই বাড়ছে লিভারের ক্ষতি!
জ্বর, মাথাব্যথা বা শরীরব্যথা হলেই কি বিনা চিন্তায় খেয়ে ফেলেন প্যারাসিটামল? সাময়িক স্বস্তি মিললেও ভুল মাত্রায় বা একই উপাদানযুক্ত একাধিক ঔষধ একসঙ্গে সেবনের কারণে নীরবে ক্ষতিগ্রস্ত হতে পারে আপনার লিভার। বিশেষজ্ঞরা বলছেন, সচেতনতার অভাবেই অনেকেই অজান্তে বাড়িয়ে তুলছেন এই ঝুঁকি। কীভাবে বুঝবেন বিপদের লক্ষণ, কারা সবচেয়ে বেশি ঝুঁকিতে এবং কী করলে নিরাপদ থাকবেন-জানুন বিস্তারিত।
জ্বর ও ব্যথা কমাতে সবচেয়ে বেশি ব্যবহৃত ঔষধগুলোর একটি হলো প্যারাসিটামল। চিকিৎসকদের মতে, সঠিক মাত্রায় সেবন করলে এটি নিরাপদ ও কার্যকর। তবে নির্ধারিত মাত্রার চেয়ে বেশি বা দীর্ঘদিন চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ঔষধ সেবন করলে লিভারের মারাত্মক ক্ষতি হতে পারে।
মুম্বাইয়ের চিকিৎসক ডা. ভূষণ ভোলে বলেন, অনেকেই না জেনে এমন ঔষধ একসঙ্গে সেবন করেন, যেগুলোতে প্যারাসিটামল থাকে। এতে শরীরে মাত্রা বেড়ে গিয়ে অ্যাকিউট লিভার ফেইলিউরের মতো গুরুতর জটিলতা তৈরি হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, শুধু প্যারাসিটামল নয়, আইবুপ্রোফেন, ডাইক্লোফেনাক ও ন্যাপ্রোক্সেনের মতো ব্যথানাশক ঔষধও দীর্ঘদিন বা অতিরিক্ত মাত্রায় সেবন করলে লিভারের পাশাপাশি কিডনি, পাকস্থলী ও হৃদ্যন্ত্রের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। তাই প্রয়োজন ছাড়া এসব নিয়মিত খাওয়া উচিত নয়।
অনেক সর্দি-কাশি ও জ্বরের ঔষধেও প্যারাসিটামল থাকে। তাই একাধিক ঔষধ সেবনের আগে এর উপাদান ভালোভাবে দেখে নেওয়া জরুরি। বিশেষ করে যাদের আগে থেকেই লিভারের রোগ রয়েছে, নিয়মিত মদ্যপানের অভ্যাস আছে বা দীর্ঘদিন ব্যথানাশক ঔষধ সেবন করছেন, তাদের ক্ষেত্রে ঝুঁকি আরও বেশি।
অতিরিক্ত প্যারাসিটামল সেবনের পর প্রথমদিকে বমিভাব, বমি, ক্ষুধামন্দা, অতিরিক্ত ক্লান্তি, পেটের ডান পাশে ব্যথা বা অস্বস্তির মতো উপসর্গ দেখা দিতে পারে। তবে অনেক সময় শুরুতে কোনো লক্ষণ নাও থাকতে পারে। তাই ভুলবশত অতিরিক্ত ঔষধ সেবন করলে উপসর্গের জন্য অপেক্ষা না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা ঔষধ ব্যবহারে সবসময় নির্ধারিত মাত্রা অনুসরণ এবং প্রয়োজন হলে চিকিৎসক বা নিবন্ধিত ফার্মাসিস্টের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন। একই সঙ্গে যেকোনো ঔষধ সেবনের আগে এর লেবেল ও উপাদান পড়ে নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।
জ্বর বা ব্যথা সাময়িক সমস্যা হলেও ভুলভাবে ঔষধ সেবনের পরিণতি দীর্ঘমেয়াদি হতে পারে। তাই নিজে নিজে বারবার প্যারাসিটামল বা অন্যান্য ব্যথানাশক ঔষুধ না খেয়ে সঠিক মাত্রা মেনে চলুন এবং প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিন। সামান্য সচেতনতাই লিভারসহ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে মারাত্মক ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারে।
What's Your Reaction?