হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৭৫৩
দেশে হামের আক্রমণ এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে।তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৭৮৪টি শিশু।
শনিবার (১১ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৬০টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৩টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭৫৩টি শিশু মারা গেছে।
এছাড়া, ২৪ ঘণ্টায় ৮৪টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৭০২। এই সময়ে ৬৬০টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৫২৮টি শিশু।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হামের বিস্তার রোধে টিকাদান কর্মসূচি জোরদারের পাশাপাশি আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসাসেবার আওতায় আনার কার্যক্রম অব্যাহত রয়েছে। একই সঙ্গে অভিভাবকদের শিশুদের পূর্ণাঙ্গ টিকা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
তথ্যসূত্র :বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর।
What's Your Reaction?