জীবন থেকে শান্তি উধাও হয়েছে বলে জানিয়েছেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা

Sep 28, 2026 - 16:19
 0  3
জীবন থেকে শান্তি উধাও হয়েছে বলে জানিয়েছেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা
ছবি: সংগৃহীত

প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেই চমক দেখিয়েছে কেপ ভার্দে। যার কেন্দ্রবিন্দুতে ছিলেন দেশটির গোলরক্ষক ভোজিনহা। দুর্দান্ত পারফর্ম করে রাতারাতি তারকা বনে যান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ফলোয়ার লাফিয়ে লাফিয়ে বেড়ে যায়। তবে তারকাখ্যাতির বিড়ম্বনায় ভোজিনহার জীবন থেকে শান্তি উধাও হয়ে গেছে। 

বিশ্বকাপে তারকা বনে যাওয়ার আগে পর্তুগিজ দ্বিতীয় বিভাগের ক্লাব শ্যাভেসে খেলতেন ভোজিনহা। বিশ্বকাপে স্পেনের বিপক্ষে খেলতে নেমে সাতটি গুরুত্বপূর্ণ সেভে জীবনে নাটকীয় পরিবর্তন ঘটে যায় ৪০ বছর বয়সী এই গোলরক্ষকের। গোলশূন্য সেই ড্র ম্যাচের শেষ বাঁশি বাজার কয়েক ঘণ্টা পরের ঘটনা। ব্রাজিলিয়ান ব্রডকাস্টার কেজ টিভি-র আহ্বানে সাড়া দিয়ে কয়েক ঘণ্টার ব্যবধানে তার ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা ৫৬ হাজার থেকে বেড়ে দশ লাখ ছাড়িয়ে যায়।

তবে তারকা হওয়ার পর ভোজিনহার জীবন আর স্বাভাবিক নেই। ব্যক্তিগত স্বাধীনতা হারিয়ে ফেলার কথা জানালেন ভোজিনহা। দ্য অবজার্ভার-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, তার শান্তি উধাও হয়ে গেছে জীবন থেকে।

ভোজিনহা বলেন, ‘আমি আমার শান্তি ও স্থিরতা হারিয়ে ফেলেছি। আমার আর কোনো ব্যক্তিগত পরিসর নেই, কিংবা আগের চেয়ে অনেক কম। এখন আমি বাইরে যাই, রেস্টুরেন্টে যাই, সেখানে সবসময় কেউ না কেউ আমার সঙ্গে ছবি তুলতে চায় কিংবা আমার কাছে অটোগ্রাফ চায়। আরও খারাপ ব্যাপার, কেউ আমার ভিডিও করে। আমার জীবনে এটাই সবচেয়ে বেশি বদলে গেছে। আমার মনে হয় না, এ বিষয়ে আমার কিছু করার আছে।’ 

ড্রেসিংরুমে তার ফোনে একের পর এক মেসেজ আসার অবিশ্বাস্য মুহূর্ত নিয়ে ভোজিনহা বলেন, ‘দলের ক্যাটারিং স্টাফের একজন আমার কাছে এসে বললেন যে আমার এক বিলিয়ন ফলোয়ার আছে। তিনি কী বলছিলেন সে সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। আমি ভেবেছিলাম তিনি মজা করছেন, কিন্তু তিনি জোর করতে থাকলেন। পরে আমি মিক্সড জোনে কিছু সাক্ষাৎকার দিতে গেলে কেজ টিভি-র একজন সাংবাদিক আমাকে জিজ্ঞেস করলেন যে আমি জানি কি না কী ঘটছে। তিনি আমাকে তার ফোনটি দেখালেন এবং তখনই আমি দেখলাম যে আমার দশ লক্ষেরও বেশি ফলোয়ার রয়েছে।’

পরিচিতি বাড়ার সঙ্গে সঙ্গে একের পর এক বাণিজ্যিক কোম্পানি তার প্রতি আগ্রহ দেখাতে শুরু করে। যদিও এন্ডোর্সমেন্টের ব্যাপারে কঠোর সীমা নির্ধারণ করেন ভোজিনহা। তিনি বলেন, ‘আমি জানি বিশ্বকাপ চলাকালে অনেক কোম্পানি ও ব্র্যান্ড আমার সঙ্গে কাজ করতে চেয়েছিল। কিন্তু যখন আমরা প্রতিদ্বন্দ্বিতা করছিলাম তখন আমি কেবল ইউএফএল মোবাইলের প্রচারণার সঙ্গে যুক্ত ছিলাম। আমি জানি না ভবিষ্যতে আর কী প্রস্তাব আসবে। কিন্তু এখন আমি কোনো তামাক, অ্যালকোহল বা বেটিং ব্র্যান্ডের সঙ্গে কাজ করতে চাই না।’ 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

খেলাধুলা ভিশন: বাংলা ভাষায় খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, ক্রীড়া নীতি, খেলোয়াড় উন্নয়ন এবং যুব নেতৃত্ব বিষয়ে সবচেয়ে নির্ভরযোগ্য Sports Intelligence Platform হওয়া; যা ক্রীড়াপ্রেমী, খেলোয়াড়, কোচ, গবেষক, নীতিনির্ধারক এবং তরুণ প্রজন্মের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: দেশীয় ও আন্তর্জাতিক খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, খেলোয়াড় উন্নয়ন, ক্রীড়া ব্যবস্থাপনা এবং যুব নেতৃত্বকে তথ্যভিত্তিক সাংবাদিকতা, গবেষণা, বিশ্লেষণ এবং অনুপ্রেরণামূলক গল্পের মাধ্যমে উপস্থাপন করা; যাতে একটি সুস্থ, দক্ষ ও প্রতিযোগিতামূলক ক্রীড়া সংস্কৃতি গড়ে ওঠে।