জাবিতে প্রক্সি দিতে এসে ঢাবি শিক্ষার্থীর ১৫ দিনের কারাদণ্ড

Dec 22, 2025 - 22:04
Jul 9, 2026 - 06:20
 0  12
জাবিতে প্রক্সি দিতে এসে ঢাবি শিক্ষার্থীর ১৫ দিনের কারাদণ্ড

বিনা ডেস্ক 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আটক শিক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে ১৫ দিনের বিনাশ্রমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আজ সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১১টা ৫০ মিনিটে জাবির ‘বি’ ইউনিটের তৃতীয় শিফটের ভর্তি পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের স্কুল অ্যান্ড কলেজ ভবনের ৪০২ নম্বর কক্ষ থেকে তাকে আটক করা হয়। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নিয়ে গিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।

আটক শিক্ষার্থীর নাম মো. এহসানুল হক (জিসান)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের অনার্সের শিক্ষার্থী এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ১০১৫ নম্বর কক্ষে বসবাস করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, জাবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৪০২ নম্বর কক্ষে তৃতীয় শিফটে তিনি অন্য এক ভর্তিচ্ছু শিক্ষার্থীর হয়ে প্রক্সি দিতে এসেছিলেন। ওই পরীক্ষার আসল পরীক্ষার্থী হিসেবে নিবন্ধিত ছিলেন রাফিদ হোসেন সাজিদ।

এহসানুল হককে জিজ্ঞাসাবাদের পর প্রক্টরিয়াল বডি স্কুল অ্যান্ড কলেজ ভবনের সামনে থেকে আসল পরীক্ষার্থী রাফিদ হোসেন সাজিদকেও আটক করে।

জিজ্ঞাসাবাদে আটক এহসানুল হক জিসান স্বীকার করেন, তিনি রাফিদ হোসেন সাজিদের হয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে এসেছিলেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম বলেন, “প্রক্সি দিতে এসে শিক্ষার্থীকে হাতেনাতে ধরা হয়েছে। তাকে ১৫ দিনের বিনাশ্রমে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি যে ভর্তিচ্ছু শিক্ষার্থীর হয়ে সে পরীক্ষা দিতে এসেছিল, সে আমাদের আরও একটি ইউনিটে পরীক্ষা দিয়েছিল—সেই পরীক্ষাও বাতিল করা হয়েছে। একই সঙ্গে তার রেজিস্ট্রেশন ব্লক করে দেওয়া হয়েছে, যেন ভবিষ্যতেও সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোনো ভর্তি পরীক্ষায় অংশ নিতে না পারে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ফিচার Vision: বাংলা ভাষায় গভীর অনুসন্ধান, দীর্ঘ আকারের সাংবাদিকতা, মানবিক গল্প এবং বিশ্লেষণধর্মী বর্ণনামূলক প্রতিবেদনের সবচেয়ে প্রভাবশালী ও বিশ্বাসযোগ্য Narrative Journalism Platform হওয়া; যা সময়, সমাজ এবং মানুষের পরিবর্তনের একটি স্থায়ী জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: সমসাময়িক ঘটনা, ব্যক্তি, সমাজ, সংস্কৃতি, ধারণা এবং পরিবর্তনকে গভীর গবেষণা, অনুসন্ধান, সাক্ষাৎকার, তথ্য, ইতিহাস এবং মানবিক দৃষ্টিভঙ্গির সমন্বয়ে উপস্থাপন করা; যাতে পাঠক কেবল ঘটনা জানতে না পারেন, বরং সেই ঘটনার মানবিক, সামাজিক, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক তাৎপর্যও উপলব্ধি করতে পারেন।