চোখে ক্যাস্টর অয়েল ব্যবহার করা কী নিরাপদ?
চুলের যত্নে আমরা অনেকেই ক্যাস্টর অয়েল ব্যবহার করে থাকি। এতে নতুন চুল গজায় আবার
আবার ভ্রু বা পাপড়িতে লাগালেও বেশ ভালো উপকার মিলে। ক্যাস্টর অয়েল উপকারী বলে অনেকেই চোখের নানাবিধ সমস্যায় এটি ব্যবহার করে থাকেন। আসলেই কি চোখের জন্য কিংবা চোখের চারপাশের ত্বকের জন্য এই তেল নিরাপদ?
বিশেষজ্ঞরা মনে করেন, সঠিকভাবে ব্যবহার করলে এবং প্রয়োজনীয় সতর্কতা মেনে চললে ক্যাস্টর অয়েল চোখের জন্য নিরাপদ হতে পারে। তবে অবশ্যই উচ্চমানের, কোল্ড-প্রেসড ক্যাস্টর অয়েল ব্যবহার করতে হবে। অর্গানিক কোল্ড-প্রেসড ক্যাস্টর অয়েল তাপ প্রয়োগ ছাড়াই বীজ থেকে নিষ্কাশন করা হয়। তাই এতে প্রাকৃতিক পুষ্টিগুণ অক্ষুণ্ন থাকে। রাসায়নিকমুক্ত হওয়ায় এটি সংবেদনশীল ত্বকের জন্য তুলনামূলক নিরাপদ।
কসমেটিক-গ্রেড ক্যাস্টর অয়েলও চোখে ব্যবহার করা যায়। কারণ এটি বিশেষভাবে পরিশোধিত ও বিশুদ্ধ করা হয়, যেন প্রসাধনী হিসেবে নিরাপদে ব্যবহার করা যায়। চোখের আশপাশের ত্বকেও এটি ব্যবহার করা যায়।
হেক্সেন-ফ্রি ক্যাস্টর অয়েলও চোখ ও এর আশপাশের ত্বকে ব্যবহার করা যায়। এই তেল তৈরিতে হেক্সেন নামের রাসায়নিক দ্রাবক ব্যবহার করা হয় না। ফলে চোখের চারপাশের কোমল ত্বকে ব্যবহারের জন্য এটি তুলনামূলক নিরাপদ। তবে এসব তেল ব্যবহার করার আগে প্যাচ টেস্ট করে নেওয়া উচিত।
কেন ক্যাস্টর অয়েল ব্যবহার করবেন?
১.শুষ্ক চোখের সমস্যা কমাতে ও চোখ আর্দ্র রাখতে সহায়তা করে।
২.চোখের নিচের ত্বক ময়েশ্চারাইজ করে, কালো দাগ কমাতে সাহায্য করতে পারে।
৩.পাপড়ি ঘন ও লম্বা হতে সহায়ক হতে পারে।
৪.মেইবোমিয়ান গ্ল্যান্ড ডিসফাংশনের কিছু উপসর্গ কমাতে সাহায্য করে।
৫.ব্লেফারাইটিসের প্রদাহ, লালভাব ও জ্বালাপোড়া কিছুটা কমাতে সহায়ক।
৬.চোখের নিচের ফোলাভাব কমাতে সাহায্য করে।
৭.সূক্ষ্ম বলিরেখা কমিয়ে ত্বককে কোমল ও আর্দ্র রাখতে সহায়তা করে।
ছানি কি ক্যাস্টর অয়েলে ভালো হয়?
অনেকে দাবি করেন, ক্যাস্টর অয়েল ছানি কমাতে বা দূর করতে পারে। তবে এ দাবির পক্ষে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। ছানি এমন একটি রোগ, যার কার্যকর চিকিৎসা হলো অস্ত্রোপচার। চিকিৎসকের পরামর্শ ছাড়া চোখে ক্যাস্টর অয়েল ব্যবহার করলে উল্টো ক্ষতির ঝুঁকি তৈরি হতে পারে।
সতর্কতা
ক্যাস্টর অয়েল সবার জন্য সমানভাবে উপযোগী নাও হতে পারে। এই তেল চোখের চারপাশে ব্যবহারের পর অ্যালার্জি, চোখে জ্বালা, অস্বস্তি, পানি পড়ার সমস্যা হতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া সরাসরি চোখে বা চোখের উপরে-নিচে এই তেল ব্যবহার করা উচিত নয়।
সূত্র: স্টাইলক্রেজ
What's Your Reaction?