চলতি সপ্তাহেই রাষ্ট্রপতির আসনে উপনির্বাচনের তফসিল
নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই ঘোষণা দেওয়া হবে।
সোমবার (৭ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
ইসি সচিব বলেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। চলতি সপ্তাহেই এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
২২ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। এতে বলা হয়, সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী, গত ২১ আগস্ট তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের দিন থেকে আসনটি শূন্য হয়েছে।
এর আগে রোববার নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছিলেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রস্তুতি চলছে। নির্বাচনে আইটি-সাপোর্টেড পোস্টাল ভোটিংয়ের প্রস্তুতিও নেওয়া হচ্ছে। পূজা ও পরীক্ষা ইত্যাদি বিষয় বিবেচনায় নিয়ে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে বলেও জানিয়েছিলেন তিনি।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচন পরিচালনা শাখা ইতোমধ্যে উপনির্বাচন আয়োজনের প্রয়োজনীয় নথি প্রস্তুতের কাজ শুরু করেছে। আসনটি শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে ভোট আয়োজনের বাধ্যবাধকতা থাকায় সময় বিবেচনায় নিয়ে প্রস্তুতি এগিয়ে নিচ্ছে কমিশন।
ইসির জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ ওইদিনই বলেন, যেহেতু আসনটি শূন্য হয়ে গেছে। পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। আমরা খুব বেশি সময় নেবো না।
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচিত হয়েছিলেন। গত ২০ আগস্ট সংসদ সদস্যদের ভোটে তিনি দেশের ২৩-তম রাষ্ট্রপতি নির্বাচিত হন।
What's Your Reaction?