খুব যত্ন নিয়ে তৈরি ‘চিরকুট’ সিনেমার গান, দুর্গাপূজায় মুক্তি

Oct 9, 2026 - 20:30
 0  1
খুব যত্ন নিয়ে তৈরি ‘চিরকুট’ সিনেমার গান, দুর্গাপূজায় মুক্তি
দুর্গাপূজাকে কেন্দ্র করে সিনেমা মুক্তি দেশের চলচ্চিত্রের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব হিসেবে গড়ে তোলার চেষ্টা করছেন নির্মাতা ও প্রযোজকেরা। সেই ধারাবাহিকতায় এবারের দুর্গাপূজায় মুক্তির তালিকায় যুক্ত হয়েছে নব্বইয়ের দশকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমা ‘চিরকুট’। উৎসবকে সামনে রেখে আজ সন্ধ্যায় প্রকাশ করা হয়েছে সিনেমাটির টিজার।
 
প্রকাশিত টিজারে বাঙালিয়ানা, নস্টালজিয়া ও আবেগনির্ভর গল্পের আভাস পাওয়া যায়। ‘একটি বিশুদ্ধ বাংলা সিনেমা’ স্লোগানের মাধ্যমে নির্মাতারা বাংলা চলচ্চিত্রের নিজস্ব আবহ ও দেশীয় সংস্কৃতিকে সামনে আনার চেষ্টা করেছেন। নব্বইয়ের দশকের প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটির গল্পে প্রেম, তারুণ্য ও স্মৃতিময় সময় কতটা গুরুত্ব পাবে, সেই কৌতূহলও তৈরি করেছে টিজারটি।
 
নির্মাতা মুনতাসীর আকিব জানিয়েছেন, আগামী ১৬ অক্টোবর থেকে দেশের সিনেপ্লেক্সগুলোতে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে। পরিবার নিয়ে উপভোগ করার উপযোগী করেই সিনেমাটি নির্মাণ করা হয়েছে বলেও জানান তিনি।
 
এর আগে বুধবার প্রকাশিত হয়েছে সিনেমাটির রোমান্টিক গান ‘প্রেমে গেলাম ডুবে’। রেহান রাসুলের কণ্ঠে গানটির কথা লিখেছেন পুলক অনিল। সুর ও সংগীতায়োজন করেছেন আরাফাতুল হাসান শান্ত। গানটির ভিডিওতে অভিনয় করেছেন শ্যামল মাওলা ও আজিজুন মীম। নব্বইয়ের দশকের প্রেম ও নস্টালজিয়ার আবহ ধরে গানটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
 
গানটি প্রসঙ্গে রেহান রাসুল বলেন, "সিনেমার গানের ক্ষেত্রে আমি বরাবরই সচেতন। 'প্রেমে গেলাম ডুবে' চমৎকার কথা ও সুরের একটি রোমান্টিক গান। নিজের গাওয়া গানটি যতবার শুনছি, ততই মুগ্ধ হচ্ছি। আশা করি, গানটি আমার ভক্তদের প্লেলিস্টে প্রথম দিকেই থাকবে।"
 
গীতিকার পুলক অনিল বলেন, ‘নব্বইয়ের দশকের প্রেক্ষাপটে একটি গল্পের জন্য বর্তমান সময়ের শ্রোতাদের কথা মাথায় রেখে গান লেখা আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। তবে গানটি সম্পূর্ণ হওয়ার পর থেকেই গানটির প্রেমে পড়তে বাধ্য হয়েছি।’
 
নির্মাতা মুনতাসীর আকিব বলেন, ‘চিরকুট’ সিনেমার প্রতিটি গানই খুব যত্ন নিয়ে তৈরি করা হয়েছে। প্রতিটি গানেই ভিন্নতা রয়েছে। আশা করি, চলচ্চিত্রটির গানগুলো দর্শক-শ্রোতাদের ভালো লাগবে এবং সবার কণ্ঠে জায়গা করে নেবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বিনোদন ভিশন: বাংলা ভাষায় চলচ্চিত্র, নাটক, সংগীত, ডিজিটাল মিডিয়া, সংস্কৃতি এবং সৃজনশীল অর্থনীতি সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য Creative Economy & Cultural Intelligence Platform হওয়া; যা শিল্পী, নির্মাতা, গবেষক, নীতিনির্ধারক, শিক্ষার্থী এবং সংস্কৃতিমনস্ক পাঠকদের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: চলচ্চিত্র, নাটক, ওটিটি, সংগীত, শিল্পকলা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সৃজনশীল শিল্পকে তথ্যনির্ভর সাংবাদিকতা, সমালোচনামূলক বিশ্লেষণ, গবেষণা এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপস্থাপন করা; যাতে সংস্কৃতি সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি হয় এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে ইতিবাচক অবদান রাখা যায়।