কলেজ পরিবর্তন করতে চাইলে, প্রথম ধাপের ভর্তি বাতিল করতে হবে

Sep 29, 2026 - 16:58
Sep 29, 2026 - 16:59
 0  3
কলেজ পরিবর্তন করতে চাইলে, প্রথম ধাপের ভর্তি বাতিল করতে হবে
ছবি সংগৃহীত

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে প্রথম ধাপে চূড়ান্ত মনোনয়ন পেয়ে নিশ্চায়ন করা শিক্ষার্থীদের কেউ কলেজ পরিবর্তন করতে চাইলে দ্বিতীয় ধাপে আবেদন করার আগে প্রথম ধাপের আবেদন বা ভর্তি বাতিল করতে হবে।

এদিকে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপে অনলাইন আবেদনের সময় বাড়ানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী, আগামী ১ অক্টোবর রাত ৮টা পর্যন্ত দ্বিতীয় ধাপে আবেদন করা যাবে। একই সঙ্গে দ্বিতীয় ধাপের ফল প্রকাশ, নিশ্চায়ন, মাইগ্রেশন ও চূড়ান্ত ভর্তির সময়সূচিও পুনর্নির্ধারণ করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামানের সই করা সংশোধিত বিজ্ঞপ্তি এবং জরুরি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম ধাপে চূড়ান্ত মনোনয়ন পেয়ে নিশ্চায়ন করার পর যারা কোনো কারণে কলেজে ভর্তি হতে পারেননি, ভর্তি হতে চান না বা ভর্তি হলেও অন্য কলেজে নতুন করে আবেদন করতে চান, তারা দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবেন। তবে এ ক্ষেত্রে আগে প্রথম ধাপের আবেদন বা ভর্তি বাতিল করতে হবে।

প্রথম ধাপের আবেদন বা ভর্তি বাতিলের জন্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের কলেজ শাখায় যেতে হবে। প্রমাণক হিসেবে শিক্ষার্থীর মূল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র সঙ্গে রাখতে হবে।

দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবেন যেসব শিক্ষার্থী আগে আবেদন করেননি বা আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত হননি। এ ছাড়া চূড়ান্ত মনোনয়ন পেয়েও কোনো কারণে নিশ্চায়ন করতে পারেননি বা নির্ধারিত সময়ে কলেজে ভর্তি হতে পারেননি— এমন শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। ভুল কোটা নির্ধারণের কারণে চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পর কলেজে ভর্তি হতে না পারা শিক্ষার্থীরাও দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবেন।

সংশোধিত সূচি অনুযায়ী, দ্বিতীয় ধাপের অনলাইন আবেদন ১ অক্টোবর রাত ৮টা পর্যন্ত চলবে। নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ৫ অক্টোবর রাত ৮টায়। ফল প্রকাশের পর থেকে ৮ অক্টোবর রাত ৮টা পর্যন্ত নির্বাচিত শিক্ষার্থীরা নিশ্চায়ন করতে পারবেন। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।

দ্বিতীয় ধাপে নিশ্চায়ন করা শিক্ষার্থীদের মধ্যে পছন্দক্রম অনুযায়ী যাদের মাইগ্রেশন হবে, তাদের ফল প্রকাশ করা হবে ৯ অক্টোবর রাত ৮টায়। এরপর ১১ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলবে।

প্রথম ধাপে আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত না হওয়া শিক্ষার্থীদের দ্বিতীয় ধাপে নতুন করে ২২০ টাকা আবেদন ফি দিতে হবে না। তাদের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে লগইন করে কলেজের পছন্দক্রম নির্বাচন বা সম্পাদনা করতে হবে।

দ্বিতীয় ধাপে আবেদনের সময় কোটার ক্ষেত্রে নিজের যোগ্যতা যাচাই করে আবেদন করতে হবে। ফল প্রকাশের পর নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন ফি জমা দিয়ে নির্বাচিত কলেজে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, বিপুলসংখ্যক শিক্ষার্থী নির্ধারিত সময়ে নিশ্চায়ন না করা এবং ভর্তি সম্পন্ন না করায় সৃষ্ট জটিলতা নিরসনে দ্বিতীয় ধাপের ভর্তি কার্যক্রমের সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে। তবে দ্বিতীয় ধাপে আবেদনকারীদের কলেজের বিদ্যমান আসনসংখ্যা বিবেচনায় পছন্দক্রমে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ রাখতে হবে।সূত্র: ঢাকা পোস্ট

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

গবেষণা Vision: বাংলা ভাষায় গবেষণা, ডেটা জার্নালিজম, জননীতি বিশ্লেষণ এবং জনবুদ্ধিমত্তা (Public Intelligence)-এর সবচেয়ে নির্ভরযোগ্য Media-Based Think Tank হওয়া; যা সরকার, গবেষক, বিশ্ববিদ্যালয়, উন্নয়ন অংশীদার, ব্যবসা প্রতিষ্ঠান এবং নাগরিক সমাজের জন্য একটি শীর্ষস্থানীয় জ্ঞানভান্ডার ও নীতিগত রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: গবেষণা, ডেটা, জরিপ, নীতি বিশ্লেষণ, প্রমাণভিত্তিক সাংবাদিকতা এবং বহুমাত্রিক তথ্য বিশ্লেষণের মাধ্যমে নির্ভরযোগ্য জ্ঞান উৎপাদন করা; যাতে জটিল জাতীয় ও বৈশ্বিক বিষয়গুলোকে গভীরভাবে বোঝা যায় এবং তথ্যসমৃদ্ধ সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা যায়।