ওজন নিয়ন্ত্রণে প্রোটিন পুডিং
চিনি ছাড়া প্রোটিন পুডিং ডায়েটে রাখলে মিষ্টি খাওয়ার চাহিদাও মিটবে এবং একই সঙ্গে দ্রুত ওজনও নিয়ন্ত্রণ হবে । প্রোটিন ও ফাইবারসমৃদ্ধ খাবার হজম হতে বেশি সময় নেয়। ফলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে এবং ঘন ঘন খাওয়ার প্রবণতা কমে যায়।
ওজন নিয়ন্ত্রণে রাখতে প্রোটিনসমৃদ্ধ ডায়েটের পাশাপাশি ডেজার্ট হিসেবে রাখতে পারেন চিনি ছাড়া প্রোটিন পুডিং। প্রাকৃতিক উপাদানে তৈরি এই পুডিং মিষ্টি খাওয়ার ইচ্ছাও পূরণ করবে, আবার ডায়েটও থাকবে ঠিক পথে। জেনে নিন চকলেটসহ নানা স্বাদের স্বাস্থ্যকর প্রোটিন পুডিংয়ের সহজ রেসিপি।
চিনি ছাড়া পুডিং
পাকা কলার নিজস্ব মিষ্টি স্বাদ আছে। সেটি কোকো পাউডারের সঙ্গে মিশিয়ে স্বাদ আরও খানিক বাড়িয়ে নেওয়া যায়।
উপকরণ
দুটি পাকা কলা। ৩ চামচ কোকো পাউডার। ২ কাপ ঘন দুধ কিংবা কাঠবাদামের দুধ। ৩ চামচ চিয়া বীজ। ৩ চামচ ভ্যানিলা এসেন্স।
প্রণালি
প্রথমে একটি ব্লেন্ডারে পাকা কলা, কোকো পাউডার, দুধ এবং ভ্যানিলা এক্সট্র্যাক্ট নিয়ে খুব মিহি করে ব্লেন্ড করে নিন। এ মিশ্রণটি একটি বাটিতে ঢেলে তার মধ্যে চিয়া বীজ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এরপর মিশ্রণটি ফ্রিজে অন্তত ৪ থেকে ৫ ঘণ্টা বা সারা রাত রেখে দিন। পরিবেশনের আগে ওপর থেকে ছোট ছোট কলার টুকরো ও ডার্ক চকলেট ছড়িয়ে দিন।
খেজুর ও কাঠবাদামের পুডিং
উপকরণ
প্রথমে ১ কাপ খেজুর। কাঠবাদাম আধাকাপ (ভিজিয়ে খোসা ছাড়ানো)। ২ কাপ দুধ এবং ১ চামচ জিলেটিন পাউডার।
প্রণালি
খেজুর ও কাঠবাদাম সামান্য গরম দুধে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর ব্লেন্ডারে মসৃণ পেস্ট তৈরি করুন। বাকি দুধ ফুটিয়ে তাতে জিলেটিন পাউডার মিশিয়ে দিন। এবার খেজুর-কাঠবাদামের পেস্ট দুধে ঢেলে ভালো করে নাড়ুন। মিশ্রণটি বাটিতে ঢেলে ফ্রিজে ২ ঘণ্টা রেখে জমিয়ে নিলেই তৈরি হয়ে যাবে।
পাকা আম ও চিয়া পুডিং
উপকরণ
এক কাপের মতো পাকা মিষ্টি আমের পাল্প। ৪ চামচ চিয়া বীজ। ১ কাপের মতো নারিকেলের দুধ বা টকদই।
প্রণালি
একটি পাত্রে নারিকেলের দুধ কিংবা ফেটানো টকদই এবং আমের পাল্প খুব ভালো করে মিশিয়ে নিন। এবার এতে চিয়া বীজ দিয়ে ভালো করে নাড়তে থাকুন। কাচের গ্লাসে বা বাটিতে ঢেলে ফ্রিজে ৩-৪ ঘণ্টা রেখে দিন। আম মিষ্টি হওয়ায় এতে আলাদা করে চিনি বা মধু মেশানোর প্রয়োজন হয় না।
What's Your Reaction?