উবারের বিরুদ্ধে নেদারল্যান্ডসের বড় অঙ্কের জরিমানা

Aug 23, 2026 - 23:46
Aug 23, 2026 - 23:46
 0  12
উবারের বিরুদ্ধে নেদারল্যান্ডসের বড় অঙ্কের জরিমানা

চালকদের অধিকার ও ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন ভঙ্গের অভিযোগে রাইড শেয়ারিং কোম্পানি উবারকে ৮২ কোটি ৫০ লাখ ইউরো, যা প্রায় ১০০ কোটি ডলারের সমান, জরিমানা করেছে নেদারল্যান্ডস। চালকদের অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে দেশটির ডেটা সুরক্ষা কর্তৃপক্ষ এই অর্থদণ্ড দেয়।

সংবাদমাধ্যম এনওএসের প্রতিবেদনে জানানো হয়, উবার এমন একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা ব্যবহার করেছিল, যার মাধ্যমে চালকদের পর্যাপ্ত আগাম নোটিশ না দিয়েই অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হতো। পাশাপাশি, এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল বা আপত্তি জানানোর জন্যও চালকদের যথেষ্ট সুযোগ দেওয়া হয়নি।

২০২০ থেকে ২০২২ সালের মধ্যে সংঘটিত বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে ফ্রান্সে কর্মরত চালকদের করা অভিযোগের ভিত্তিতে এ বিষয়ের সূত্রপাত ঘটে। উবার মূলত আয়ের পরিমাণ বাড়াতে চালকদের অপ্রয়োজনীয় দীর্ঘ পথ ঘোরানোর মতো প্রতারণার সন্দেহে অনেকের অ্যাকাউন্ট সাময়িকভাবে স্থগিত করেছিল। প্রতিষ্ঠানটির ইউরোপীয় সদর দপ্তর আমস্টারডামে অবস্থিত হওয়ায় বিষয়টি ডাচ কর্তৃপক্ষের অধীনে তদন্ত ও নিষ্পত্তি করা হয়।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নীতি অনুযায়ী, মানুষের জীবনে বড় ধরনের প্রভাব ফেলে এমন কোনো সিদ্ধান্ত স্বয়ংক্রিয় অ্যালগরিদমের মাধ্যমে একতরফাভাবে নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রে মানুষের সরাসরি তদারকি থাকতে হবে এবং ক্ষতিগ্রস্তদের আপত্তি জানানোর পূর্ণ সুযোগ নিশ্চিত করতে হবে।

এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় উবার জানিয়েছে, তারা জরিমানার বিষয়টি মেনে নিতে পারছে না এবং এটিকে অযৌক্তিক বলে মনে করছে। প্রতিষ্ঠানটির দাবি, বর্তমানে চালকদের অ্যাকাউন্ট সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মানবীয় পর্যালোচনা রাখা হয়েছে। পাশাপাশি, অ্যাকাউন্ট বাতিল করা হলে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানানোর সুযোগও চালকদের দেওয়া হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ফিচার Vision: বাংলা ভাষায় গভীর অনুসন্ধান, দীর্ঘ আকারের সাংবাদিকতা, মানবিক গল্প এবং বিশ্লেষণধর্মী বর্ণনামূলক প্রতিবেদনের সবচেয়ে প্রভাবশালী ও বিশ্বাসযোগ্য Narrative Journalism Platform হওয়া; যা সময়, সমাজ এবং মানুষের পরিবর্তনের একটি স্থায়ী জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: সমসাময়িক ঘটনা, ব্যক্তি, সমাজ, সংস্কৃতি, ধারণা এবং পরিবর্তনকে গভীর গবেষণা, অনুসন্ধান, সাক্ষাৎকার, তথ্য, ইতিহাস এবং মানবিক দৃষ্টিভঙ্গির সমন্বয়ে উপস্থাপন করা; যাতে পাঠক কেবল ঘটনা জানতে না পারেন, বরং সেই ঘটনার মানবিক, সামাজিক, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক তাৎপর্যও উপলব্ধি করতে পারেন।