অস্কারে জমা পড়েছে বাংলাদেশের পাঁচ সিনেমা
অস্কারের ৯৯তম আসরে 'ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশের সিনেমা পাঠানোর জন্য আবেদন চেয়েছিল অস্কার বাংলাদেশ কমিটি। ইতিমধ্যে অস্কারের এই আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য পাঁচটি সিনেমা জমা পড়েছে। যাচাই-বাছাই শেষে এসব চলচ্চিত্রের মধ্য থেকে একটি সিনেমা অস্কারে পাঠাবে বাংলাদেশের অস্কার কমিটি।
এবারের প্রতিযোগিতায় জমা পড়া সিনেমাগুলো হলো, নূরুল আলম আতিক পরিচালিত ‘মানুষের বাগান’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, রেদওয়ান রনির ‘দম’, মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দেলুপি’ এবং মনিরুল আকাশ হক পরিচালিত ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’।
বৃহস্পতিবার (২০ আগস্ট) অস্কারের এই বিভাগে বাংলাদেশের সিনেমা পাঠানোর জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন আহ্বান করে অস্কার বাংলাদেশ কমিটি। সিনেমা জমা দেয়ার শেষ সময় ছিল ১৬ সেপ্টেম্বর। জমা পড়া পাঁচটি সিনেমা মূল্যায়নের জন্য ইতোমধ্যে ৭ সদস্যের একটি জুরি বোর্ড গঠন করা হয়েছে। বিচারকদের যাচাই-বাছাই ও মূল্যায়নের পর একটি সিনেমাকে বাংলাদেশের পক্ষ থেকে ৯৯তম অস্কারে পাঠানোর জন্য চূড়ান্ত করা হবে।
অস্কার বাংলাদেশ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে কোন সিনেমাটি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।
What's Your Reaction?