অটোরিকশার ধাক্কায় মোটরসাকেল আরোহীর মৃত্যু
রাজধানীর হাতিরঝিলে সিএনজিচালিত অটোরিকশার সাথে মোটর সাইকেলের ধাক্কায় জামিল শেখের ছেলে জায়েদ (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের চালক আলআমিন ভুবন (২১) আহত হয়েছেন।
রোববার (২৬ জুলাই) দুপুর দেড়টার দিকে হাতিরঝিলের পুলিশ প্লাজার পেছনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহত অবস্থায় পথচারীরা দুজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান।পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে যান।
দুর্ঘটনার পর তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী রবিন জানান, হাতিরঝিল পুলিশ প্লাজার পেছনের সড়কে একটি মোটরসাইকেলসহ দুজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে সেখানে চিকিৎসক দুপুর সোয়া ২টার দিকে শেখ জায়েদকে মৃত ঘোষণা করেন।
আহত আলআমিন ভুবন জানান, মোটরসাইকেলটি তার নিজের। দুপুরে শেখ জায়েদকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে তেল ভরতে যাচ্ছিলেন তিনি। হাতিরঝিল পুলিশ প্লাজার পেছনের সড়কে পৌঁছালে পেছন থেকে একটি সিএনজি অটোরিকশা তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা দুজনই সড়কে ছিটকে পড়ে আহত হন।
নিহত শেখ জায়েদের ভাই সামির শেখ পরশ জানান, তাদের বাসা রাজধানীর রামপুরা টিভি সেন্টার এলাকার মুক্তি মসজিদ গলিতে। জায়েদ কোনো কাজ করতেন না। দুপুরে হাতিরঝিল সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় জায়েদ আহত হয়েছেন বলে খবর পেয়ে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসেন। পরে সেখানে ভাইয়ের মরদেহ দেখতে পান।
What's Your Reaction?