অটোরিকশা বন্ধ হলে ঢাকা অবরুদ্ধ করার হুঁশিয়ারি
রাজধানীর প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের সুযোগ না দিলে পুরো রাজধানীর রাজপথ দখলে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অটোরিকশা মালিক ও চালকরা। একই সঙ্গে অটোরিকশার চার্জিং পয়েন্টে বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন করা হলে সংশ্লিষ্ট এলাকার বিদ্যুত্ অফিস ঘেরাও করার ঘোষণা দিয়েছেন তারা।
সোমবার (৫ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও মিছিল করেন ব্যাটারিচালিত রিকশার চালকরা। পরে বিভিন্ন দিক থেকে মিছিল নিয়ে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হন। সেখানে প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে প্রেস ক্লাব ও আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
এর আগে, রোববার (৪ অক্টোবর) ঢাকার বিভিন্ন এলাকায় মাইকিং করে প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়।
সোমবার সকাল থেকেই ফার্মগেট, তেজগাঁও, মোহাম্মদপুর, রামপুরা, খিলগাঁও, আগারগাঁওসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হন অটোরিকশা মালিক ও চালকরা। একপর্যায়ে প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন তারা। প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধের ফলে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভ চলাকালে কাকরাইল মোড়ে সদরঘাট-গাজীপুর রুটে চলাচলকারী ভিক্টর ক্লাসিক গোল্ড সিটি নামের একটি বাসে ভাঙচুরের ঘটনা ঘটে। এতে বাসের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পথচারীরাও দিগ্বিদিক ছোটাছুটি করেন। এ সময় আন্দোলন ছেড়ে অটোরিকশা চালিয়ে সড়ক দিয়ে যাওয়ার চেষ্টা করা কয়েকজন চালককে আন্দোলনকারীরা মারধর করেছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।
বিক্ষোভকারীরা অটোরিকশা চলাচল নিয়ে বিভিন্ন দাবি তুলে ধরেন। এসব দাবি মেনে না নিলে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলো দখলে নিয়ে আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারি দেন তারা।
এদিকে, বিক্ষোভ চলাকালে বিভিন্ন সড়কে অন্য রিকশা চলাচলে বাধা দেওয়ার অভিযোগও পাওয়া গেছে। রাস্তায় কোনো রিকশা দেখলেই ব্যাটারির সংযোগ বিচ্ছিন্ন করে দিতে দেখা যায় বিক্ষোভকারীদের।
বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল—‘রাস্তা আছে যেখানে, অটো চলবে সেখানে’, ‘ভাত দে, কাপড় দে, নইলে অটো চলতে দে’, ‘মালিক শ্রমিক জনতা, গড়ে তোলো একতা’, ‘আমার ভাই জেলে কেন, জবাব চাই’ এবং ‘পুলিশের হয়রানি বন্ধ কর, করতে হবে’।
তাদের দাবি, ব্যাটারিচালিত রিকশা বন্ধ না করে চালকদের প্রশিক্ষণের মাধ্যমে বৈধ লাইসেন্স ও রোড পারমিটের আওতায় আনতে হবে। দীর্ঘদিন ধরে ব্যবসা করা মালিকদের গাড়ি যাচাই করে বৈধতার সুযোগ দেওয়ারও দাবি জানান তারা।
সমাবেশে বক্তারা বলেন, ব্যাটারিচালিত রিকশা বন্ধ করে সমস্যার সমাধান হবে না। সরকার চালকদের প্রশিক্ষণ ও বৈধ লাইসেন্সের ব্যবস্থা করলে নিয়ম মেনে চলা এবং অনিয়ম করা গাড়ি সহজেই চিহ্নিত করা সম্ভব হবে। এতে রাজধানীর সড়কেও শৃঙ্খলা ফিরবে বলে দাবি করেন তারা।
তাদের অভিযোগ, পুলিশ ব্যাটারিচালিত রিকশার চালকদের হয়রানি করছে এবং অনেক ক্ষেত্রে গাড়ি ডাম্পিং করা হচ্ছে। অটোরিকশা জব্দ করে পাঁচ হাজার টাকা করে মামলা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন চালকরা। তারা বলেন, যেসব সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলের সুযোগ রয়েছে, সেখানে তাদের চলাচল করতে দিতে হবে। পাশাপাশি পুলিশি হয়রানি বন্ধ করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি এস এ আবু বকর বলেন, অনেক চালক ও ক্ষুদ্র মালিক ৬৫ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত ঋণ করে রিকশা কিনেছেন। ডাম্পিংয়ের নামে নির্বিচারে গাড়ি জব্দ করা হলে তারা পরিবার-পরিজন নিয়ে বিপাকে পড়বেন। অবৈধ গাড়ির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ায় তাদের আপত্তি নেই। তবে ডাম্পিংয়ের নামে হয়রানি মেনে নেওয়া হবে না। তিনি বলেন, তাদের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হলে তারা সরকারকে সহযোগিতা করবেন। কিন্তু তাদের মতামত উপেক্ষা করে কঠোর পদক্ষেপ নেওয়া হলে এর দায় সরকারকেই নিতে হবে। আন্দোলনে ভাঙচুর ও বিশৃঙ্খলা না করার জন্য কর্মীদের সতর্ক করেন তিনি। পুলিশ ও সাংবাদিকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহ্বান জানান।
অবরোধে অংশ নেওয়া অটোরিকশাচালক মিল্লাদ মিয়া বলেন, অটো চার্জ দেওয়ার স্থানগুলোতে বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদসহ কয়েকটি দাবিতে তারা সড়ক অবরোধ করেছেন। দাবি না মানা পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না।
মালিক-শ্রমিক নেতারা বলেন, দেশে লাখ লাখ মানুষ ব্যাটারিচালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। হঠাত্ করে এসব যানবাহন বন্ধ করে দিলে বিপুলসংখ্যক মানুষের জীবিকা হুমকির মুখে পড়বে। তাই অবৈধভাবে চলাচলকারী গাড়ির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হলেও বৈধতার সুযোগ থাকা গাড়িগুলোকে নিবন্ধন ও রোড পারমিট দেওয়ার ব্যবস্থা করতে হবে।
বক্তারা দাবি আদায়ে প্রয়োজনে ঢাকা মহানগরসহ সারা দেশে আন্দোলন ছড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন। অটোরিকশা বন্ধ বা নির্বিচারে ডাম্পিং অব্যাহত থাকলে ঢাকা অবরুদ্ধ এবং চার্জিং পয়েন্টের বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন করা হলে সংশ্লিষ্ট বিদ্যুত্ অফিস ঘেরাও করার কথাও বলেন তারা। তবে তাদের দাবি, তাদের মূল লক্ষ্য সংঘাত নয়; আলোচনার মাধ্যমে ব্যাটারিচালিত রিকশার বৈধতা, চালকদের অধিকার এবং শ্রমজীবী মানুষের জীবিকার নিরাপত্তা নিশ্চিত করা।
ঢাকা মহানগর মালিক সমিতির সভাপতি আব্দুল মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকসহ সংগঠনের নেতারা নেতৃত্ব দেন।
What's Your Reaction?