নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট ৫ ছাত্রী, তিনজনের অবস্থা আশঙ্কাজনক
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচ ছাত্রী আহত হয়েছে, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সাড়ে পাঁচটার দিকে কাশিপুর হাজীপাড়া এলাকার মালেহা মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
দগ্ধ ছাত্রীরা হলেন—জিদনী (১৪), লামিয়া (১৩), সুমাইয়া (১৩), আসিয়া (১২) ও আতিয়া (১১)। ঘটনার পর তাদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, দগ্ধ পাঁচ ছাত্রীকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতাল থেকে পাওয়া প্রতিবেদন অনুযায়ী, দগ্ধদের মধ্যে জিদনীর শরীরের ৮২ শতাংশ, লামিয়ার ৫৫ শতাংশ এবং আতিয়ার ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে। এই তিন ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এছাড়া সুমাইয়া ও আসিয়ার মধ্যে একজনের শরীরের ১৩ শতাংশ এবং অপরজনের ৭ শতাংশ পুড়ে গেছে।
মাদ্রাসার পরিচালক মুফতি আবদুর রহমান জানান, তার প্রতিষ্ঠানে বিভিন্ন শ্রেণিতে প্রায় ২৫০ জন ছাত্রী পড়াশোনা করে। বিকেলে কয়েকজন শিক্ষার্থী ছাদে খেলতে গেলে এই দুর্ঘটনা ঘটে। রবিবার সকালে চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
What's Your Reaction?