২০২৬ সালের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে অপেক্ষা আর মাত্র কয়েক দিন
মহাকাশপ্রেমীদের জন্য অপেক্ষার অবসান হতে চলেছে। আগামী ১২ আগস্ট (বাংলাদেশ সময় সন্ধ্যায়) আকাশে দেখা যাবে ২০২৬ সালের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এ সময় চাঁদ সম্পূর্ণভাবে সূর্যকে আড়াল করবে, যার ফলে ইউরোপের কয়েকটি নির্দিষ্ট অঞ্চলে দিনের বেলাতেই অল্প সময়ের জন্য অন্ধকার নেমে আসবে। ২০২৪ সালের এপ্রিলের পর এটিই হবে পৃথিবী থেকে পর্যবেক্ষণযোগ্য প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।
এই বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনাটি স্পেনের আইবেরীয় উপদ্বীপের জন্যও বিশেষ তাৎপর্যপূর্ণ। এক শতাব্দীরও বেশি সময় পর সেখানে আবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। গ্রহণের সময় চাঁদ পৃথিবীর তুলনামূলক কাছাকাছি অবস্থানে থাকবে। ফলে চাঁদকে স্বাভাবিকের তুলনায় কিছুটা বড় দেখাবে এবং পূর্ণগ্রাসের স্থায়িত্বও তুলনামূলক বেশি হবে।
একই দিনে রাতের আকাশে পারসেইড উল্কাবৃষ্টিও সর্বোচ্চ সক্রিয় অবস্থায় থাকবে। তাই সন্ধ্যায় সূর্যগ্রহণ উপভোগের পর গভীর রাতে উল্কাপাতের মনোমুগ্ধকর দৃশ্য দেখার সুযোগ পাবেন আকাশপ্রেমীরা।
যেসব এলাকা থেকে দেখা যাবে
পূর্ণগ্রাস সূর্যগ্রহণের মূল পথ আর্কটিক মহাসাগর থেকে শুরু হয়ে পূর্ব গ্রিনল্যান্ড, পশ্চিম আইসল্যান্ড, উত্তর-পূর্ব পর্তুগালের সীমিত এলাকা এবং উত্তর স্পেন অতিক্রম করবে। স্পেনের লিওন, বুর্গোস, ভ্যালেন্সিয়া, সারাগোসা ও পালমা শহরে পূর্ণগ্রাস স্পষ্টভাবে দেখা যাবে। স্থানীয় সময় রাত ৮টা ৩২ থেকে ৮টা ৩৩ মিনিটের মধ্যে গ্রহণটি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে।
স্পেনের রাজধানী মাদ্রিদে সূর্যের প্রায় ৯৯ শতাংশ অংশ চাঁদের আড়ালে চলে যাবে। অন্যদিকে আইসল্যান্ডের রাজধানী রেখিয়াভিক এবং ইসাফজোরদুরেও দিনের শেষ ভাগে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে।
এ ছাড়া ইউরোপের অন্যান্য অঞ্চল এবং উত্তর আমেরিকার কিছু অংশ থেকে আংশিক সূর্যগ্রহণ পর্যবেক্ষণ করা সম্ভব হবে। তবে ভারতীয় উপমহাদেশে গ্রহণের সময় মধ্যরাতের পর হওয়ায় বাংলাদেশসহ এ অঞ্চলের দেশগুলো থেকে এ সূর্যগ্রহণ সরাসরি দেখা যাবে না।
What's Your Reaction?