হুতিদের হামলা, সৌদির পাশে শক্ত অবস্থান মিসরের

Sep 24, 2026 - 21:05
 0  3
হুতিদের হামলা, সৌদির পাশে শক্ত অবস্থান মিসরের

ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিদের সাম্প্রতিক হামলার মুখে সৌদি আরবের প্রতি সরাসরি সমর্থন জানিয়েছে মিসর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি বলেছেন, সৌদি আরবের নিরাপত্তা রক্ষার বিষয়টি শুধু দেশটির নিজস্ব নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত নয়, বরং পুরো অঞ্চলের স্থিতিশীলতার সঙ্গেও গভীরভাবে যুক্ত। আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কায়রোর এ অবস্থান তুলে ধরেন।

সম্প্রতি হুতিদের ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে সৌদি আরব। দেশটির পক্ষ থেকে জানানো হয়, হুতিদের নিক্ষেপ করা ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবিলা করেছে সৌদি প্রতিরক্ষা ব্যবস্থা। এর পরই সৌদি আরবের নিরাপত্তার বিষয়ে মিসরের অবস্থান স্পষ্ট করেন আবদেলাত্তি।

মিসরের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরবের নিরাপত্তাকে আঞ্চলিক নিরাপত্তা থেকে আলাদা করে দেখার সুযোগ নেই। এ কারণে সৌদি আরবের নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি মিসরের পূর্ণ সমর্থন রয়েছে। তিনি বলেন, ‘সৌদি আরবের নিরাপত্তা আঞ্চলিক নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ এবং মিসর সৌদি আরবের পাশে রয়েছে।’

ইয়েমেনের হুতিদের সঙ্গে সৌদি আরবের উত্তেজনা দীর্ঘদিনের। সাম্প্রতিক সময়ে হুতিদের হামলা ও পাল্টা সামরিক তৎপরতা ঘিরে উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আরও স্পর্শকাতর হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে মিসরের পক্ষ থেকে সৌদি আরবের প্রতি এই সমর্থনের ঘোষণা আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে কায়রোর অবস্থানও স্পষ্ট করেছে।

সাক্ষাৎকারে মধ্যপ্রাচ্যের আরেক গুরুত্বপূর্ণ ইস্যু ফিলিস্তিন নিয়েও কথা বলেন আবদেলাত্তি। গাজা পরিস্থিতি নিয়ে মিসরের অবস্থান তুলে ধরে তিনি জানান, সেখানে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের বিষয়ে কায়রো ইসরায়েলের কাছ থেকে ‘ইতিবাচক উদ্যোগের’ অপেক্ষায় রয়েছে।

তিনি বলেন, গাজায় স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং নিরাপত্তা পরিস্থিতির উন্নয়নে আন্তর্জাতিক উদ্যোগের প্রয়োজন রয়েছে। তবে এ ধরনের কোনো উদ্যোগ বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে প্রয়োজনীয় সমন্বয় ও রাজনৈতিক অবস্থান স্পষ্ট হওয়া জরুরি বলে ইঙ্গিত দেন তিনি।

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর অস্ত্র হস্তান্তর সংক্রান্ত অবস্থান নিয়েও কথা বলেন মিসরের পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, এ বিষয়ে ফিলিস্তিনি গোষ্ঠীগুলো দায়িত্বশীল অবস্থান নিয়েছে এবং তাদের এমন অবস্থানের প্রশংসা করা উচিত।

একই সঙ্গে ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে সরিয়ে দেওয়ার যেকোনো প্রচেষ্টার বিরোধিতা করেন আবদেলাত্তি। তিনি স্পষ্ট করে বলেন, ফিলিস্তিনিদের তাদের নিজ ভূখণ্ড থেকে উচ্ছেদ করা মিসরের জন্য একটি ‘লাল রেখা’। তার ভাষায়, ‘ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে উচ্ছেদ করা একটি লাল রেখা। আমরা তা ঘটতে দেব না।’

আবদেলাত্তির বক্তব্যে একদিকে সৌদি আরবের নিরাপত্তার প্রতি মিসরের সমর্থন, অন্যদিকে গাজা ও ফিলিস্তিন ইস্যুতে কায়রোর অবস্থান—দুই বিষয়ই স্পষ্ট হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও আঞ্চলিক উত্তেজনার মধ্যে মিসরের এই অবস্থান গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

খেলাধুলা ভিশন: বাংলা ভাষায় খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, ক্রীড়া নীতি, খেলোয়াড় উন্নয়ন এবং যুব নেতৃত্ব বিষয়ে সবচেয়ে নির্ভরযোগ্য Sports Intelligence Platform হওয়া; যা ক্রীড়াপ্রেমী, খেলোয়াড়, কোচ, গবেষক, নীতিনির্ধারক এবং তরুণ প্রজন্মের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: দেশীয় ও আন্তর্জাতিক খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, খেলোয়াড় উন্নয়ন, ক্রীড়া ব্যবস্থাপনা এবং যুব নেতৃত্বকে তথ্যভিত্তিক সাংবাদিকতা, গবেষণা, বিশ্লেষণ এবং অনুপ্রেরণামূলক গল্পের মাধ্যমে উপস্থাপন করা; যাতে একটি সুস্থ, দক্ষ ও প্রতিযোগিতামূলক ক্রীড়া সংস্কৃতি গড়ে ওঠে।