সাংবাদিক পরিচয়দানকারী শফিক সাইবার সুরক্ষা আইনে গ্রেফতার

Jul 26, 2026 - 18:12
 0  5
সাংবাদিক পরিচয়দানকারী শফিক সাইবার সুরক্ষা আইনে গ্রেফতার

রাজধানীর শাহবাগ থানায় সাইবার সুরক্ষা আইনে করা মামলায় গ্রেপ্তার সাংবাদিক পরিচয়দানকারী হাফিজুর রহমান শফিক নামের এক ব্যক্তিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালত এ আদেশ দেন। 

এর আগে বুধবার রাতে রাজধানীর মগবাজারে হলি ফ্যামিলি অ্যান্ড রেড ক্রিসেন্ট হাসপাতালের পাশের এলাকা থেকে শফিককে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার তাঁকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মো. জিয়াউল হক। শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার সাদ্দাম হোসেন (২৭) বাদী হয়ে ৮ জুলাই শাহবাগ থানায় এ মামলা করেন। মামলায় হাফিজুর রহমান শফিক (৩৮), মো. ফজলুল হক (৩৫), মো. লিটন মিয়া (৪৭) ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়।

বিবরণীতে উল্লেখ করা হয়েছে, আসামিদের সঙ্গে বাদীর ও তাঁর পরিবারের পূর্বশত্রুতা ছিল। তাঁরা দীর্ঘদিন ধরে বাদীর ক্ষতি করার চেষ্টা করছিলেন। এতে বলা হয়েছে, সাংবাদিক পরিচয়ে হাফিজুর রহমান শফিক বিভিন্ন সময় বাদীর কাছে টাকা দাবি করতেন। টাকা না দিলে মিথ্যা ও বিভ্রান্তিকর ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। পরে শফিকের ফেসবুক পেজ থেকে বাদীকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করা হয় এবং আবারও টাকা দাবি করা হয়।

মামলায় আরও বলা হয়েছে, অপর দুই আসামি ওই ভিডিও নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করে আপত্তিকর মন্তব্য করেন। এতে বাদীর ব্যক্তিগত সুনাম এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। অভিযোগে আরও বলা হয়, আসামিরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে আরও ভুয়া ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।

এ মামলার বাদী সাদ্দাম হোসেন বলেন, ‘সাংবাদিক পরিচয় দিয়ে শফিক আমাকে হুমকি দিত। নিউজ করার ভয় দেখিয়ে টাকা চাইত। এআই দিয়ে ভিডিও তৈরি করে বিভিন্ন অনিবন্ধিত পোর্টালে ও পেজে আমার বিরুদ্ধে প্রচারণা চালাত। টাকা না দিলে হত্যার হুমকিও দিত। আমার পরিবারকে ব্ল্যাকমেইলিং এর ভয় দেখাত। এ জন্যই আমি মামলা করতে বাধ্য হয়েছি।’’

কারাগারে আটক রাখার আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি সহযোগীদের সহায়তায় ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁকে জামিন দেওয়া হলে পলাতক হওয়ার আশঙ্কা রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বাংলাদেশ ভিশন: বাংলাদেশ রাষ্ট্র, সরকার, উন্নয়ন, নীতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও জাতীয় রূপান্তর সম্পর্কে বাংলা ভাষার সর্বাধিক বিশ্বাসযোগ্য, গবেষণানির্ভর এবং প্রভাবশালী জ্ঞানভান্ডার হওয়া; যা নাগরিক, নীতিনির্ধারক, গবেষক, শিক্ষার্থী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বাংলাদেশের নির্ভরযোগ্য রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বাংলাদেশের রাষ্ট্রনীতি, শাসনব্যবস্থা, জননীতি, জাতীয় উন্নয়ন, মেগা প্রকল্প এবং সমসাময়িক জাতীয় ইস্যুসমূহকে তথ্য-যাচাই, গবেষণা, ডেটা বিশ্লেষণ এবং প্রেক্ষাপটসমৃদ্ধ সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে নাগরিকেরা শুধু "কি ঘটেছে" নয়, বরং "কেন ঘটেছে", "এর প্রভাব কী" এবং "এর ভবিষ্যৎ তাৎপর্য কী"—তা বুঝতে পারেন।