সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম দিনে ৬ হাজার গ্রাহক পেলেন টাকা ফেরত

Sep 8, 2026 - 21:23
Sep 8, 2026 - 21:26
 0  7
সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম দিনে ৬ হাজার গ্রাহক পেলেন টাকা ফেরত

শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংকের একীভূতকরণের মাধ্যমে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক ধীরে ধীরে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমে ফিরছে। গতকাল সোমবার থেকে ব্যাংকটির আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আমানত ফেরতের জন্য আবেদন গ্রহণের প্রথম দিনে যারা আবেদন করেছিলেন, তাদের মধ্যেই গতকাল অর্থ ফেরত দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রথম দিনেই প্রায় ৬ হাজার গ্রাহককে মোট ২৫০ কোটি টাকা ফেরত দিয়েছে ব্যাংকটি।

টাকা ফেরতের পাশাপাশি গতকাল অনলাইনে অর্থ স্থানান্তর কার্যক্রমও শুরু করেছে ব্যাংকটি। ফলে দীর্ঘদিন পর সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রমে কিছুটা গতিসঞ্চার হয়েছে।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক—এই পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে। সাবেক অন্তর্বর্তী সরকারের উদ্যোগে এই একীভূতকরণ কার্যক্রম সম্পন্ন হয়। তবে নতুন ব্যাংক গঠনের পরও পাঁচ ব্যাংকের শাখাগুলো এখনো পৃথকভাবে পরিচালিত হচ্ছে। দেশজুড়ে একীভূত হওয়া পাঁচ ব্যাংকের মোট শাখার সংখ্যা ৭৬১টি। গতকাল থেকে আমানত ফেরতের কার্যক্রম শুরু হলে প্রথম দিনেই গ্রাহকেরা নিজ নিজ শাখা থেকে অর্থ উত্তোলন করেন। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, সব শ্রেণির আমানতকারীর টাকা ফেরতের প্রক্রিয়া গতকাল শুরু হয়েছে। এর আগে অর্থ ফেরত নিতে আগ্রহী গ্রাহকদের কাছ থেকে ১ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়।

রাজধানীর গুলশান, মহাখালী, বনানী ও মতিঝিল এলাকার ব্যাংকটির কয়েকটি শাখা ঘুরে দেখা যায়, গ্রাহকদের টাকা ফেরত দিতে শাখাগুলোতে পর্যাপ্ত অর্থের ব্যবস্থা করা হয়েছে। সকাল থেকেই অনেক গ্রাহক টাকা তুলতে শাখাগুলোতে ভিড় করেন। ব্যাংক কর্মকর্তারা ফুল দিয়ে তাদের স্বাগত জানান। যথাযথভাবে আবেদন করা গ্রাহকদের টাকা ফেরত দেওয়া হয়েছে।

একীভূত হওয়া পাঁচ ব্যাংকের মধ্যে সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক চট্টগ্রামের ব্যবসায়ী সাইফুল আলম (এস আলম)-এর নিয়ন্ত্রণে ছিল। অপর ব্যাংক এক্সিম ব্যাংকের নিয়ন্ত্রণে ছিলেন নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার।

এস আলম ও নজরুল ইসলাম মজুমদারের নিয়ন্ত্রণে থাকা অবস্থায় ব্যাংকগুলোতে বড় ধরনের ঋণ অনিয়মের অভিযোগ ওঠে। রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশি-বিদেশি আর্থিক নিরীক্ষায় এসব অনিয়মের তথ্য উঠে আসে। নিরীক্ষার তথ্য অনুযায়ী, একীভূত পাঁচ ব্যাংকের প্রায় ৮০ শতাংশ ঋণ লুটপাট করা হয়েছে। এতে ব্যাংকগুলো বড় ধরনের আর্থিক সংকটে পড়ে এবং গ্রাহকদের টাকা ফেরত দিতে সমস্যায় পড়ে।

এমন পরিস্থিতিতে সংকটে থাকা পাঁচটি ব্যাংক একীভূত করার উদ্যোগ নেয় সাবেক অন্তর্বর্তী সরকার। এ সময় আগের মালিকদের মালিকানা বাতিল করে ব্যাংকগুলোর নিয়ন্ত্রণ ও মালিকানা সরকারের হাতে তুলে দেওয়া হয়। পরবর্তীতে গত ফেব্রুয়ারিতে ক্ষমতায় আসার পর বিএনপি সরকারও সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ কার্যক্রম এগিয়ে নেওয়ার উদ্যোগ অব্যাহত রেখেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বাণিজ্য ও অর্থনীতি Vision: বাংলা ভাষায় ব্যবসা, অর্থনীতি, আর্থিক বাজার, উদ্যোক্তা উন্নয়ন এবং বিনিয়োগ বিশ্লেষণের সবচেয়ে বিশ্বাসযোগ্য Business & Economic Intelligence Platform হওয়া; যা নীতিনির্ধারক, উদ্যোক্তা, বিনিয়োগকারী, গবেষক, করপোরেট নেতা এবং শিক্ষার্থীদের জন্য প্রধান রেফারেন্স ও জ্ঞানকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি, আর্থিক ব্যবস্থা, ব্যাংকিং, পুঁজিবাজার, বিনিয়োগ, উদ্যোক্তা, স্টার্টআপ এবং ব্যবসায়িক পরিবেশকে তথ্য, গবেষণা, ডেটা, আন্তর্জাতিক তুলনা এবং বিশ্লেষণধর্মী সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে জ্ঞানভিত্তিক অর্থনৈতিক সিদ্ধান্ত, দায়িত্বশীল বিনিয়োগ এবং উদ্ভাবনী উদ্যোক্তা সংস্কৃতি বিকশিত হয়।