মৌলভীবাজারে ‘মনোক্লেড কোবরা’র ৫ বাচ্চা উদ্ধার
মৌলভীবাজারের কমলগঞ্জে একটি বসতঘরের সিঁড়ির নিচ থেকে পাঁচটি বিষধর মনোক্লেড কোবরা (Monocled Cobra) সাপের বাচ্চা উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় কমলগঞ্জ মডেল স্কুল অ্যান্ড কলেজের পাশে পানিশালা এলাকায় জাপান প্রবাসী মুজাহিদ আলীর বসতঘরের সিঁড়ির নিচ থেকে সাপের বাচ্চাগুলো উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, জাপান প্রবাসী মুজাহিদ আলী, ২ নম্বর পানিশালা, কমলগঞ্জ-এর বাড়ির সিঁড়ির নিচে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে পরিবারের সদস্যরা কয়েকটি সাপ দেখতে পান।
পরে তারা ৯৯৯ নম্বরে ফোন করেও কোনো সমাধান পাননি। একপর্যায়ে রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা তানভীর আহমদ এবং বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে বিষয়টি জানান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা তানভীর আহমদ, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ।
ঘটনাস্থলে গিয়ে তারা দেখতে পান, সিঁড়ির নিচে থাকা সাপগুলো মনোক্লেড কোবরা, যা অত্যন্ত বিষধর প্রজাতির সাপ। পরে একে একে মোট পাঁচটি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা নিরাপদে উদ্ধার করা হয়।
উদ্ধার করা সাপগুলো পরে শ্রীমঙ্গল বন্যপ্রাণী বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। বন্যপ্রাণী বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সাপগুলোকে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল ইসলাম বলেন, সাপের বাচ্চাগুলোকে বনে অবমুক্ত করা হবে।
What's Your Reaction?