বিকালের মধ্যেই গ্যাসের চাপ স্বাভাবিক পর্যায়ে চলে আসবে: জ্বালানি প্রতিমন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বৈরী আবহাওয়ার কারণে বঙ্গোপসাগরে ভাসমান দুটি এফএসআরইউ থেকে এলএনজি খালাসে বৃহস্পতিবার সাময়িক সমস্যা হলেও শুক্রবার সকাল থেকে তা স্বাভাবিক হয়েছে।বিকেলের মধ্যেই গ্যাসের চাপ স্বাভাবিক পর্যায়ে চলে আসবে বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় যশোর সার্কিট হাউজে জেলা হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা এ কথা বলেন তিনি ।
প্রতিমন্ত্রী জানান, শুক্রবার সকাল ৭টা ১৮ মিনিট থেকে ভাসমান দুটি এফএসআরইউ থেকে এলএনজি খালাসের প্রক্রিয়া শুরু হয়েছে। ফলে গ্যাস সরবরাহের চাপ দ্রুত স্বাভাবিক হয়ে আসবে।
আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কমলে দেশের বাজারেও তা সমন্বয়ের উদ্যোগ নেওয়া হবে বলে জানান অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম স্থিতিশীল ও কমে এলে দ্রুততম সময়ে দেশে জ্বালানির দাম সমন্বয় করে জনগণকে স্বস্তি দেওয়ার চেষ্টা করা হবে।
সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী বলেন, আগের সভায় নেওয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। বেশিরভাগ সিদ্ধান্তে অগ্রগতি হয়েছে এবং বাকি কাজগুলো সম্পন্ন করতে সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্য রয়েছে।
সভায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিরা নাজমুল মুন্নি, যশোরের সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা, যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হুসাইন শাফায়াতসহ স্থানীয় স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?