প্রাথমিক বিদ্যালয়ে বইপড়া কর্মসূচির বাস্তবায়নে বিশ্বসাহিত্য কেন্দ্র
শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে ৫১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুরু হচ্ছে বইপড়া কর্মসূচির পাইলট কার্যক্রম। বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিকল্পিত এ কর্মসূচি বাস্তবায়নে নির্বাচিত বিদ্যালয়গুলোকে প্রয়োজনীয় সহযোগিতা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. সাজ্জাদ হোসেনের সই করা এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়। চিঠিটি দেশের সব উপজেলা ও থানা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে পাঠানো হয়েছে।
এতে বলা হয়েছে, শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে বিশ্বসাহিত্য কেন্দ্র বইপড়া কর্মসূচির পাইলট কার্যক্রম বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে দেশের সব উপজেলা থেকে ৫১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচন করা হয়েছে। এসব বিদ্যালয়ে কর্মসূচি বাস্তবায়নে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রশাসনিক অনুমতি দিয়েছে।
নির্বাচিত বিদ্যালয়গুলোতে বইপড়া কর্মসূচির পাইলট কার্যক্রম পরিচালনায় বিশ্বসাহিত্য কেন্দ্রকে সার্বিক সহযোগিতা দিতে উপজেলা ও থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের অনুরোধ করা হয়েছে। কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে চিঠিতে।
এ ছাড়া বিষয়টি অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য চিঠির অনুলিপি বিশ্বসাহিত্য কেন্দ্রের নির্বাহী পরিচালক, জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভাগীয় উপ-পরিচালক ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
পাইলট কার্যক্রমের জন্য নির্বাচিত ৫১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালিকাও চিঠির সঙ্গে সংযুক্ত করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চিঠিতে এ উদ্যোগের সূত্র হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের রবিবার ২০ সেপ্টেম্বরের একটি চিঠির উল্লেখ করা হয়েছে।
What's Your Reaction?