রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সিআইডিকে আরো এক মাস সময় দিয়েছেন আদালত।
সোমবার (৭ সেপ্টেম্বর) এ মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে সিআইডি প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ নতুন তারিখ নির্ধারণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন।
আগামী ৭ অক্টোবর প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ৪ আগস্ট বাদীপক্ষের না-রাজির আবেদনের শুনানি নিয়ে একই আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন।
মামলার এজাহার ও অভিযোগপত্রের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১৯ এপ্রিল বিকেল ৪টার পর বনানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের ছুরিকাঘাতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ নিহত হন।
এ ঘটনায় পরদিন বনানী থানায় মামলা করেন পারভেজের মামাতো ভাই হুমায়ন কবীর। মামলাটি তদন্ত করে বনানী থানার পরিদর্শক এ কে এম মঈন উদ্দিন দুই তরুণীসহ নয়জনকে অভিযুক্ত করে গত ২৯ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেন।
অভিযোগপত্রে অভিযুক্ত ব্যক্তিরা হলেন—মেহেরাজ ইসলাম, আবু জহর গিফফারি ওরফে পিয়াস, মো. মাহাথির হাসান, মো. আল কামাল শেখ ওরফে কামাল, আলভী হোসেন জুনায়েদ, আল আমিন সানি, ফাতেমা তাহসিন ঐশী, ফারিয়া হক টিনা ও রাকিব।
তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বনানী থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক সোবহান নিয়াজ তুষারসহ আটজনকে মামলার দায় থেকে অব্যাহতির সুপারিশ করা হয়। অন্যরা হলেন মারুফ মিয়াজি হৃদয়, রিফাত, আলী, ফাহিম, সাকিব, নাসিম ও নিবির।
আটজনকে অব্যাহতির সুপারিশে আপত্তি জানান মামলার বাদী হুমায়ন কবীর। তদন্ত সঠিকভাবে হয়নি দাবি করে তিনি আদালতে না-রাজির আবেদন করেন।
৪ আগস্ট ওই আবেদনের ওপর শুনানি হয়। বাদীপক্ষে আইনজীবী মোহাম্মদ আবজাল হোসেন মৃধা মামলাটি অধিকতর তদন্তের আবেদন জানিয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন হারুন-অর-রশীদ। শুনানি শেষে আদালত সিআইডিকে মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দেন।
অভিযোগপত্রে বলা হয়েছে, হাসাহাসিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বিষয়টি মীমাংসা করে দেন। অভিযোগপত্রে আরো বলা হয়, ‘অপরাধ না করে’ও পারভেজ দুই তরুণীকে বোন ডেকে ক্ষমা চান। এরপরও তার ওপর হামলা হয়।
নিহত জাহিদুল ইসলাম পারভেজের বয়স ছিল ২৪ বছর। তিনি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের ভালুকায়।