নর্দমা পরিষ্কার করতে গিয়ে নিখোঁজ পরিচ্ছন্নতাকর্মী,মিললো মরদেহ
রাজধানীতে নর্দমা পরিষ্কার করতে গিয়ে একজন পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছে। নিহত মিলন শেখ (৩৮) মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার হাসারগাঁও গ্রামের জহিরুল শেখের ছেলে। তিনি রাজধানীর শ্যামপুরের নতুন আলী বহর এলাকায় পরিবার নিয়ে থাকেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে পুরান ঢাকার ৩০ নম্বর ওয়ার্ডের নলগলা এলাকায় ড্রেন পরিষ্কার করতে গিয়ে তিনি নিখোঁজ হন। পরে শুক্রবার (১৭ জুলাই) দুপুর আড়াইটার দিকে ওই এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
কোতোয়ালি থানা-পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল থেকে কয়েকজন পরিচ্ছন্নতাকর্মী ওই এলাকায় ড্রেন পরিষ্কারের কাজ করছিলেন। দুপুর একটার দিকে মিলন ম্যানহোলে নামেন। এর ঘণ্টাখানেক পর হঠাৎ রশি ছিঁড়ে তিনি নিচে পড়ে যান। সঙ্গে থাকা অন্য পরিচ্ছন্নতাকর্মীরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধারকাজে অংশ নেয়। প্রায় ২৫ ঘণ্টা চেষ্টার পর তার মরদেহ উদ্ধার করতে সক্ষম হন তারা।
What's Your Reaction?