নতুন ১১ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আবেদন

Oct 8, 2026 - 14:39
Oct 8, 2026 - 14:39
 0  2
নতুন ১১ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আবেদন

বাংলাদেশে অনুমোদনের জন্য আরও ১১টি নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয় আবেদন করেছে, যা বর্তমানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক যাচাই-বাছাই করা হচ্ছে।তবে এসব বিশ্ববিদ্যালয় নিয়ে ইউজিসির প্রতিবেদন এখনো শিক্ষা মন্ত্রণালয়ে পৌঁছেনি।

দেশে বর্তমানে ১১৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়েই অর্ধেকের বেশি আসন ফাঁকা থাকে। এমন পরিস্থিতির মধ্যেই নতুন করে আরও ১১টি বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদনের জন্য আবেদন করা হয়েছে। 

অনুমোদনের জন্য আবেদন করা ১১টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে খুলনার নৌবাহিনী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব এক্সিলেন্স, রাজশাহীর আশ্রয় ইউনিভার্সিটি, ইম্পেরিয়াল ইউনিভার্সিটি অব বাংলাদেশ, নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউনিভার্সিটি অব ইন্টিগ্রেটেড থট, গাজীপুরের বেঙ্গল ইউনিভার্সিটি, ঢাকার যমুনা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ব্রিটিশ বাংলাদেশ ইউনিভার্সিটি, সাভারের গ্লোরিয়াস ইউনিভার্সিটি, ঝিনাইদহের সৃজনী বিশ্ববিদ্যালয় ও ভ্যারিটাস ইউনিভার্সিটি।

এসব বিশ্ববিদ্যালয়ের মধ্যে যমুনা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অনুমোদনের জন্য আবেদন করেছে যমুনা গ্রুপ। বেঙ্গল ইউনিভার্সিটির জন্য আবেদন করেছেন সৈয়দ জাবেদ মো. সালেহ উদ্দিন। গ্লোরিয়াস ইউনিভার্সিটির জন্য কৃষিবিদ গ্রুপের পক্ষে আবেদন করেছেন ড. মো. আলী আফজাল। ব্রিটিশ-বাংলাদেশ ইউনিভার্সিটির জন্য আনোয়ারুল ইসলাম এবং সৃজনী বিশ্ববিদ্যালয়ের জন্য এম হারুনুর রশীদ আবেদন করেছেন।

নতুন বিশ্ববিদ্যালয়গুলোর আবেদন যাচাই-বাছাই করছে ইউজিসি। কমিশনের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় যাচাই-বাছাই চলছে। সম্ভাব্যতা, অবকাঠামো, অ্যাকাডেমিক পরিকল্পনা, শিক্ষক নিয়োগসহ নির্ধারিত শর্ত পূরণের বিষয়গুলো পর্যালোচনা করা হচ্ছে। এসব বিষয় যাচাইয়ের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে কোন বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব বর্তমানে কোন পর্যায়ে রয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ফলে অনুমোদনের অপেক্ষায় থাকা বিশ্ববিদ্যালয়গুলোকে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় হিসেবেই বিবেচনা করা হচ্ছে।

অনুমোদনের অপেক্ষায় থাকা বিশ্ববিদ্যালয়গুলোর সর্বশেষ অবস্থা জানতে চাইলে ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক জেসমিন পারভীন বলেন, ‘এসব বিষয়ে আমাকে আপাতত কথা বলতে নিষেধ করা হয়েছে। এটি নিয়ে কাজ করছেন ইউজিসির সদস্যরা।’

এ বিষয়ে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের অনুমতি দেওয়ার ক্ষেত্রে কয়েকটি বিষয় স্পষ্টভাবে দেখা হচ্ছে। আবেদন করা বিশ্ববিদ্যালয়গুলো যেসব বিষয়ে শিক্ষার্থী পড়াতে চায়, সেসব বিষয়ের বাস্তব প্রয়োজনীয়তা রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে।

তিনি বলেন, ‘উনারা যেসব সাবজেক্ট ওখানে পড়াতে চান, সে সাবজেক্টের সত্যিকার অর্থে প্রয়োজনীয়তা আছে কিনা, সেই বিষয়গুলোও যাচাই করা হচ্ছে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

গবেষণা Vision: বাংলা ভাষায় গবেষণা, ডেটা জার্নালিজম, জননীতি বিশ্লেষণ এবং জনবুদ্ধিমত্তা (Public Intelligence)-এর সবচেয়ে নির্ভরযোগ্য Media-Based Think Tank হওয়া; যা সরকার, গবেষক, বিশ্ববিদ্যালয়, উন্নয়ন অংশীদার, ব্যবসা প্রতিষ্ঠান এবং নাগরিক সমাজের জন্য একটি শীর্ষস্থানীয় জ্ঞানভান্ডার ও নীতিগত রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: গবেষণা, ডেটা, জরিপ, নীতি বিশ্লেষণ, প্রমাণভিত্তিক সাংবাদিকতা এবং বহুমাত্রিক তথ্য বিশ্লেষণের মাধ্যমে নির্ভরযোগ্য জ্ঞান উৎপাদন করা; যাতে জটিল জাতীয় ও বৈশ্বিক বিষয়গুলোকে গভীরভাবে বোঝা যায় এবং তথ্যসমৃদ্ধ সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা যায়।