ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়নই বৈধ
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি-জামায়াতসহ পাচঁ রাজনৈতিক দলের মোট ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জেলা নির্বাচন কার্যালয়ে আয়োজিত যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে প্রার্থীদের মনোনয়নপত্রের তথ্যাদি সঠিক থাকায় সবার মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়।
বৈধ প্রার্থীরা হলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মির্জা ফয়সল আমিন ও ওবায়দুল্লাহ মাসুদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মো. খাদেমুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আব্দুল আলীম নিজামী এবং বাংলাদেশ কংগ্রেসের হোসেন মোহাম্মদ ওমর ফারুক।
মনোনয়ন বৈধ ঘোষণার পর রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করছে। এ জন্য তিনি নির্বাচনে অংশ নেওয়া দল ও প্রার্থীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, যাচাই-বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে ৮ অক্টোবর। আগামী ২৯ অক্টোবর আসনটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ঠাকুরগাঁও সদর, নবগঠিত রুহিয়া ও ভুল্লী উপজেলা নিয়ে গঠিত ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। এতে ১৮৫টি ভোটকেন্দ্রের ৯৮৯টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
What's Your Reaction?