চট্টগ্রামে ছিনতাইকারী ধরতে গিয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু
চট্টগ্রাম নগরীর ওয়াসা মোড়ে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করতে গিয়ে বাসের ধাক্কায় গুরুতর আহত পুলিশ কনস্টেবল আল আমিন সরদার (২৮) মারা গেছেন।
সোমবার (৫ অক্টোবর) ভোর ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আল আমিন সরদারের বাড়ি মাদারীপুরে। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পুলিশ লাইন্সের এসএএফ শাখায় কর্মরত ছিলেন।
সিএমপি সূত্রে জানা যায়, রোববার ভোরে ইস্পাহানি চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন কনস্টেবল আল আমিন। এ সময় ছিনতাইকারীকে গ্রেপ্তারের চেষ্টা করার সময় একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর আনুমানিক ৪টার দিকে তার মৃত্যু হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, ছিনতাইকারী গ্রেপ্তারের চেষ্টার সময় বাসের ধাক্কায় আল আমিন গুরুতর আহত হয়েছিলেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ছয়টার দিকে কোতোয়ালী থানার ওয়াসা মোড় এলাকায় জমিয়াতুল ফালাহ জামে মসজিদের সামনে চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন আল আমিনসহ কয়েকজন পুলিশ সদস্য। এ সময় সন্দেহজনকভাবে হাঁটতে দেখে তিন যুবককে থামার সংকেত দেন তারা।
তিন যুবকের মধ্যে একজন পুলিশের সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টা করেন। তখন চেকপোস্টের ইনচার্জ এএসআই হিরণ মিয়া হেঁটে ওই যুবকের পিছু নেন। একই সময়ে পালিয়ে যাওয়া যুবককে সামনে থেকে ঘেরাও করতে কনস্টেবল আল আমিন মোটরসাইকেল নিয়ে মসজিদের পশ্চিম গেটের দিকে এগিয়ে যান।
পুলিশ জানায়, এ সময় ‘লিডার্স স্কুল অ্যান্ড কলেজ’-এর একটি দ্রুতগতির বাস পেছন দিক থেকে আল আমিনের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। বাসটি তাকে প্রায় ৫০ থেকে ১০০ ফুট পর্যন্ত সড়কে টেনে-হিঁচড়ে নিয়ে যায়।
রে সহকর্মীরা স্থানীয় লোকজনের সহায়তায় আল আমিনকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোররাতে তার মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয় লোকজনের সহায়তায় বাসটির চালক মোশাররফ (৩৮) ও হেলপার জয় দাসকে (৩০) আটক করা হয়। বাসটিও জব্দ করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা করা হয় এবং গ্রেপ্তার দেখানো হয়।
কনস্টেবল আল আমিন সরদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
What's Your Reaction?