কুমিল্লায় আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ভাতিজিকে কুপিয়ে হত্যা
কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ইমন (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে। এ সময় বাধা দিতে এলে তার ভাবি রাবেয়া বেগমকেও কুপিয়ে গুরুতর আহত করেছেন। এ ঘটনায় অভিযুক্ত ইমনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে জেলার দেবীদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের দক্ষিণ পাড়ার মোস্তফা মাস্টারের বাড়িতে ঘটনাটি ঘটেছে।
নিহতরা হলেন—ইমনের মা ফিরোজা বেগম (৬২) ও তার ভাতিজি ইসরাত জাহান (২)। হামলায় গুরুতর আহত ইমনের ভাবি রাবেয়া আক্তার কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।
ইমনের বড় ভাই মো. সুজন (৩৫) সাংবাদিকদের বলেন, ২০১৮ সাল থেকে ইমন পা ভাঙার কারণে বাড়িতে ছিল। তার পায়ে দুই বার অপারেশন হয়েছে। এরপর থেকে তার মধ্যে মানসিক সমস্যার লক্ষণ দেখা দেয়। সোমবার সকাল ৭টার দিকে সুজন বাড়ি থেকে বের হয়ে যান। পরে খবর পান, ইমন তার মা ও মেয়েকে হত্যা এবং স্ত্রীকে কুপিয়ে গুরুতর আহত করেছেন। স্থানীয়রা এসে ঘাতক ইমনকে পাশের একটি ঘরে আটকে রাখে।
সন্ধ্যায় দেবীদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, ঘাতক ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
What's Your Reaction?