ইসরাইলে আরও সেনা ও যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

Oct 5, 2026 - 15:53
Oct 5, 2026 - 15:53
 0  2
ইসরাইলে আরও সেনা ও যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
ছবি :সংগৃহীত

মধ্যপ্রাচ্যে সম্ভাব্য সংঘাত বাড়ার আশঙ্কায় ইসরায়েলে অতিরিক্ত সেনা ও সামরিক বিমান পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র।

সোমবার (৫ অক্টোবর) ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়ালার বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়, বর্তমানে ইসরায়েল জুড়ে প্রায় ৩ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। পাইলট, সহায়ক কর্মী, রসদ সরবরাহকারী কর্মী এবং সামরিক সদর দফতরে কর্মরত সৈন্যদের পাশাপাশি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনা করাও তাদের দায়িত্বের অন্তর্ভুক্ত।

গত কয়েক সপ্তাহে নিয়মিতভাবে মার্কিন সেনা ইউনিটের রদবদল হয়েছে। তবে প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, শিগগিরই নতুন সেনাসদস্য ও যুদ্ধবিমান ইসরাইলে পৌঁছাবে। এর মাধ্যমে দেশটিতে যুক্তরাষ্ট্রের বিদ্যমান সামরিক সক্ষমতা আরও জোরদার করা হবে।


ওয়াল্লাকে ইসরাইলের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা বলেন, আঞ্চলিক প্রতিপক্ষরা ইসরাইল ও যুক্তরাষ্ট্রের নির্বাচন গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তারা সরাসরি যুদ্ধ শুরু না করেই আঞ্চলিক ভারসাম্য অস্থিতিশীল করার উপায় খুঁজছে।

ওই কর্মকর্তা সতর্ক করে বলেন, ‘তারা বুঝতে পারছে, এবার ইসরাইলের জবাব অত্যন্ত আগ্রাসী হবে।’

সেন্টকমের সঙ্গে সমন্বয়

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী ও যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) মধ্যে সামরিক পরিকল্পনা অব্যাহত রয়েছে। নতুন করে ইরান থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হলে সম্ভাব্য পালটা হামলা এবং ইরানের অভ্যন্তরে লক্ষ্যবস্তু নির্ধারণ নিয়েই মূলত এই পরিকল্পনা চলছে।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি কূটনৈতিক সমাধানের বিষয়ে তেহরানের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেছেন। তেহরানে বিদেশি দূতদের সঙ্গে বৈঠকে তিনি জানান, কূটনৈতিক সমাধানের পথ এখনো খোলা রয়েছে।

গত সেপ্টেম্বরের শেষ দিকে কাতারের মধ্যস্থতায় হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য সাতটি শর্তের কথা যুক্তরাষ্ট্রকে জানিয়েছিল তেহরান। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই শর্তগুলো প্রত্যাখ্যান করেন।

একই সময়ে ইসরাইলি নিরাপত্তা কর্মকর্তারা মনে করছেন, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে চলমান লড়াই উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা অংশীদারত্বে পরিবর্তন আনতে পারে। বিশেষ করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সহযোগিতা বাড়ার বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে দেখছেন।

ইসরাইলের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সতর্ক করে বলেছেন, যারা এখনই হুথিদের মোকাবিলা করতে ব্যর্থ হবে, পরবর্তী সময়ে তাদের একাই হামলার মুখোমুখি হতে হতে পারে।

তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ইন্টারন্যাশনাল ডেস্ক ভিশন: বাংলা ভাষাভাষী বিশ্বের জন্য আন্তর্জাতিক রাজনীতি, কূটনীতি, ভূরাজনীতি, বৈশ্বিক অর্থনীতি এবং বিশ্বপরিবর্তনের সবচেয়ে বিশ্বাসযোগ্য, গবেষণানির্ভর ও প্রভাবশালী জ্ঞানকেন্দ্র হওয়া; যা বিশ্বকে বোঝার ক্ষেত্রে বাংলাদেশি পাঠকের প্রথম রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বিশ্বের গুরুত্বপূর্ণ রাজনৈতিক, কূটনৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগত ঘটনাবলিকে তথ্য, গবেষণা, প্রেক্ষাপট এবং বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করা; যাতে পাঠক শুধু "বিশ্বে কী ঘটছে" তা নয়, বরং "কেন ঘটছে", "বাংলাদেশের জন্য এর অর্থ কী" এবং "ভবিষ্যতে এর সম্ভাব্য প্রভাব কী"—তা গভীরভাবে বুঝতে পারেন।