স্মৃতি ধরে রাখতে ছবি তুলছেন? উল্টো ক্ষতি হতে পারে

Aug 21, 2026 - 23:59
 0  9
স্মৃতি ধরে রাখতে ছবি তুলছেন? উল্টো ক্ষতি হতে পারে

কোনো তথ্য বা দৃশ্য মনে রাখার জন্য ছবি বা স্ক্রিনশট তুলে রাখার অভ্যাস উল্টো স্মৃতিশক্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। যুক্তরাষ্ট্রের বিংহামটন ইউনিভার্সিটির এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।

গবেষকদের মতে, কোনো বিষয় শুধু মনোযোগ দিয়ে দেখার তুলনায় সেটির ছবি তুলে রাখলে পরবর্তীতে সেটির খুঁটিনাটি মনে পড়ার সম্ভাবনা বেশ কমে যায়। বিজ্ঞানের ভাষায় এই বিষয়টি ‘ফোটো-টেকিং ইমপেয়ারমেন্ট ইফেক্ট’ নামে পরিচিত।

গবেষণাটি বিজ্ঞান বিষয়ক সাময়িকী মেমোরি অ্যান্ড কগনিশন-এ প্রকাশিত হয়েছে। এতে উল্লেখ করা হয়, ফোনে কেবল একটি ছবি সেভ করে রাখলেই তা স্মৃতিকে শক্তিশালী করে না।

গবেষণাপত্রের মূল লেখক ও বিংহামটন ইউনিভার্সিটির ডক্টরাল শিক্ষার্থী সোফিয়া ফাব্রিজিও জানান, মানুষ যখন কোনো কিছুর ছবি তোলে কিন্তু পরবর্তীতে তা আর গ্যালারিতে গিয়ে দেখে না, তখন সেই বিষয়টি ভুলে যাওয়ার প্রবণতা অনেক বেড়ে যায়।

গবেষকরা লক্ষ্য করেছেন, আধুনিক স্মার্টফোনগুলোতে এখন হাজার হাজার ছবি জমা থাকে এবং প্রতিনিয়ত তাতে নতুন ছবি যুক্ত হচ্ছে। পুরনো ছবিগুলো পরবর্তীতে আবার দেখলে স্মৃতি সতেজ হতে পারে, কিন্তু ছবি তুলে তা শুধুই ক্যামেরা রোলে ফেলে রাখলে তা স্মৃতিশক্তির কোনো উপকারেই আসে না।

এই বিষয়টি নিশ্চিত হতে গবেষকরা মোট সাতটি আলাদা পরীক্ষা পরিচালনা করেন। পরীক্ষায় অংশগ্রহণকারীদের বিভিন্ন শিল্পকর্ম দেখতে দেওয়া হয় এবং সেগুলোর ছবি তুলতে বলা হয়। পরবর্তীতে সেই শিল্পকর্মগুলোর খুঁটিনাটি বিষয় মনে করার একটি পরীক্ষা নেওয়া হয়।

ফলাফলে দেখা যায়, যারা নিজস্ব উদ্যোগে ছবি তুলেছিলেন, তারা পরবর্তীতে সেই তথ্যগুলো মনে করতে সবচেয়ে বেশি ব্যর্থ হয়েছেন।

তবে আশ্চর্যজনক বিষয় হলো, যখন বডি-ক্যামেরার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ছবি তোলা হয়, তখন স্মৃতিশক্তির ওপর এই নেতিবাচক প্রভাব দেখা যায়নি।

গবেষকদের মতে, নিজের হাতে ভেবে-চিন্তে ছবি তোলার যে মানসিক ও শারীরিক প্রক্রিয়া, সেটাই মূলত স্মৃতির ওপর নেতিবাচক প্রভাব ফেলে। প্রযুক্তি বা ক্যামেরা কোনো তথ্যকে পরবর্তীতে রেফারেন্স হিসেবে জমিয়ে রাখতে সাহায্য করতে পারে, কিন্তু মনোযোগ দেওয়ার বিকল্প হিসেবে ফোন বা ক্যামেরা ব্যবহার করলে স্মৃতিশক্তির ওপর তার মাশুল গুণতেই হবে।

গবেষণাটি বলছে, সবকিছু ক্যামেরাবন্দি করে রাখার চেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে মনোযোগ দেওয়া স্মৃতি ধরে রাখার জন্য বেশি কার্যকর হতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

লাইফ স্টাইল Vision: বাংলা ভাষায় স্বাস্থ্যকর জীবন, মানসিক সুস্থতা, পরিবার, কর্মজীবন, ব্যক্তিগত উন্নয়ন এবং জীবনমান সম্পর্কিত সবচেয়ে নির্ভরযোগ্য, গবেষণানির্ভর ও প্রভাবশালী Human Development Platform হওয়া; যা ব্যক্তি, পরিবার এবং সমাজের জীবনমান উন্নয়নের একটি প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: স্বাস্থ্য, পুষ্টি, ভ্রমণ, পরিবার, ক্যারিয়ার, ফ্যাশন, খাদ্য, মানসিক সুস্থতা এবং জীবনদক্ষতা সম্পর্কে বৈজ্ঞানিক তথ্য, বিশেষজ্ঞ মতামত, গবেষণা এবং বাস্তব অভিজ্ঞতার সমন্বয়ে এমন কনটেন্ট তৈরি করা, যা মানুষকে আরও সচেতন, সুস্থ, দক্ষ এবং দায়িত্বশীল জীবনযাপনে অনুপ্রাণিত করে।