সাগরের লঘুচাপটি নিম্নচাপে পরিণত, অতি প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা
বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি ঘনীভূত হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আগামী বুধবার নাগাদ এটি ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রবিবার (২৫ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি ঘনীভূত হয়ে আজই গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর এটি ধীরে ধীরে গতিপথ পরিবর্তন করে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, ঘূর্ণিঝড়টি অতি প্রবল রূপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর প্রভাব বাংলাদেশের ওপরও পড়ার আশঙ্কা রয়েছে। তবে বাংলাদেশে বৃষ্টিপাতের পরিমাণ ও ঘূর্ণিঝড়ের প্রভাব কতটা হবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না বলেও জানান তিনি।
হাফিজুর রহমানের ভাষ্য, স্থলভাগে আঘাত হানার পর ঘূর্ণিঝড়ের গতিপথ ও বৈশিষ্ট্যে পরিবর্তন আসতে পারে। অন্ধ্র প্রদেশ উপকূলে আঘাত হানলে সিলেট ও ময়মনসিংহ বিভাগ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপকূলীয় এলাকায় বৃষ্টি ও দমকা হাওয়ার প্রভাব তুলনামূলক বেশি হতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাবে বুধবার থেকে পরবর্তী এক-দুই দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে।
What's Your Reaction?