প্রথমবার চীনে গেল দেশীয় আম

May 28, 2025 - 23:23
May 28, 2025 - 23:24
 0  53
প্রথমবার চীনে গেল দেশীয় আম

বিনা ডেস্ক

এবার চীনের বাজারে প্রবেশ করল বাংলাদেশি আম। আজ বুধবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাতক্ষীরা ও যশোর অঞ্চলের আম নিয়ে ১০ টনের প্রথম চালানটি চীনে যায়। 

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশি আমের চীনে রপ্তানি দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করবে। এটি শুধু একটি আম রপ্তানির ঘটনা নয়, বরং দুই দেশের অর্থনৈতিক সহযোগিতায় একটি নতুন অধ্যায়ের সূচনা। আশা করি, চীনের ভোক্তারা বাংলাদেশের আমের স্বাদ উপভোগ করবেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের পেয়ারা ও কাঁঠাল রপ্তানির সম্ভাবনাও ইতোমধ্যে বিবেচনায় নিয়েছে চীন। খুব শিগগির আরও কিছু কৃষিপণ্য সে দেশের সুপার মার্কেটগুলোতে স্থান পাবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও সিইও মো. আনোয়ার হোসেন।

রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে আম রপ্তানি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। 

কৃষি সচিব বলেন, আমাদের আম এখন বিশ্বের ৩৮টি দেশে যাচ্ছে। ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে আরও বিস্তার ঘটানো হবে। শুধু প্রবাসী নয়, বিদেশি ক্রেতাদের কাছেও বাংলাদেশি আম পৌঁছানোর মতো সক্ষমতা তৈরি হচ্ছে।

রপ্তানিযোগ্য আম উৎপাদনে কৃষকদের প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দিতে ২০২২ সালের জুলাই থেকে পাঁচ বছরমেয়াদি একটি প্রকল্প বাস্তবায়ন করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)। প্রকল্প পরিচালক মোহাম্মদ আরিফুর রহমান জানান, কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ, গাছের পরিচর্যা ও প্যাকেজিং প্রক্রিয়ায় সহায়তা দেওয়া হচ্ছে, যার ইতিবাচক ফল পাওয়া গেছে।

বাংলাদেশে আম উৎপাদনের দিক থেকে বিশ্বে সপ্তম হলেও রপ্তানির তালিকায় এতদিন পিছিয়ে ছিল দেশটি। এবারের সফল রপ্তানির নেপথ্যে ছিল কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পিত উদ্যোগ, গুণগত মান রক্ষা, আন্তর্জাতিক বাজারের চাহিদা বোঝা এবং রাজনৈতিক-অর্থনৈতিক কূটনীতির সমন্বিত প্রয়াস। 

কৃষি অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলম বলেন, এ সফলতা শুধু আম নয়, অন্যান্য কৃষিপণ্যের জন্যও আন্তর্জাতিক বাজারে নতুন দরজা খুলে দেবে। কৃষিপণ্যের রপ্তানি বাড়লে কৃষকের আয় যেমন বাড়বে, তেমনি দেশের বৈদেশিক মুদ্রার ভান্ডারও সমৃদ্ধ হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ন্যাশনাল ভিশন: বাংলাদেশের জাতীয় জনজীবন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সরকারি কার্যক্রম এবং নাগরিক বাস্তবতার সবচেয়ে বিশ্বাসযোগ্য, জবাবদিহিমূলক ও জনস্বার্থভিত্তিক সংবাদ ও জ্ঞানকেন্দ্র হওয়া; যা নাগরিক, নীতিনির্ধারক, গবেষক এবং গণমাধ্যমের জন্য জাতীয় ঘটনাপ্রবাহের প্রধান রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: রাজধানী, মন্ত্রণালয়, সংসদ, আদালত, নির্বাচন, জনসেবা এবং নাগরিক জীবনের প্রতিদিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলি দ্রুত, নির্ভুল, প্রেক্ষাপটসমৃদ্ধ এবং ভারসাম্যপূর্ণভাবে উপস্থাপন করা; যাতে নাগরিকেরা রাষ্ট্রের কার্যক্রম, সরকারি সিদ্ধান্ত এবং সেগুলোর বাস্তব প্রভাব সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারেন।