নতুন সিনেমায় অভিনয়ে তানিম নূর

Oct 3, 2026 - 17:55
 0  1
নতুন সিনেমায় অভিনয়ে তানিম নূর
ছবি তানিম নূর

দর্শকদের কাছে তানিম নূরের চলচ্চিত্র মানেই বাড়তি কৌতূহল; উন্মাদনা। ওয়েব সিরিজ ‘কাইজার’ দিয়ে গোয়েন্দা গল্পে বাজিমাত করেছিলেন তানিম নূর। এবার মিলল জনপ্রিয় এই নির্মাতার নতুন সিনেমার খবর।  

এবার ওটিটি মাধ্যম ছেড়ে বড় পর্দার দর্শকের জন্য নতুন গোয়েন্দা চলচ্চিত্র নিয়ে আসছেন তিনি। তার নামও চূড়ান্ত। নাম ‘মজনু এন্টারপ্রাইজ’। 

সদ্য সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশ করেছিলেন নির্মাতা তানিম নূর। তাতে দেখা যায়, এক রহস্যে ঘেরা ঘরের দরজা। তাতে লেখা, ‘মজনু এন্টারপ্রাইজ’, প্রোপ্রাইটর- তানিম নূর। সঙ্গে এও লেখা, ‘কামিং ২০২৭’। আর তা ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে। সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে দর্শকমহলে কৌতূহল ও উন্মাদনা।

বছর শেষ হতে আর মাত্র বাকি কয়েক মাস। শোনা যাচ্ছে, আগামী বছর, ২০২৭ জুড়েই থাকছে তানিম নূরের একাধিক কাজ। কাজেই, ভক্তদের উদ্দীপনা বাড়ে আরও বহুগুণ। ‘মজনু এন্টারপ্রাইজ’ ছাড়াও, ‘কানাভূলো প্যারাডক্স’ নামের একটি রোমান্টিক সাই-ফাই হরর সিনেমার প্রযোজনা করছেন তিনি। আয়মান স্বাধীন ও সুসময় সরকারের নির্মাণে এতে অভিনয় করেছেন শরিফুল রাজ ও সাবিলা নূর। 

গত কয়েক বছর ধরে ঢাকার চলচ্চিত্র অঙ্গনে তানিম নূরকে একজন দূরদর্শী নির্মাতা হিসেবেই দেখা হচ্ছে। তার হাতে নির্মিত ‘উৎসব’, ‘বনলতা এক্সপ্রেস’ দেশের সিনেমার বাজারে এক অনন্য মাইলফলক হিসেবে ধরে রেখেছে। নেটিজেনরা বলছেন, এই সিনেমাগুলোর মাধ্যমে পরিচালক তানিম নূর বিশাল একটা জনগোষ্ঠীকে সিনেমাহলমুখী করেছেন।

তাদের মত, সে ভরসার জায়গা থেকেই নতুন সিনেমার প্রতি আগ্রহ দর্শকের। তাই ‘মজনু এন্টারপ্রাইজ’ এর নাম শোনা মাত্রই সিনেপ্রেমীদের মাঝে হু হু করে আগ্রহ দেখা দিয়েছে। 

সামাজিক মাধ্যমে সিনেপ্রেমীদের মাঝে যখন ‘মজনু এন্টারপ্রাইজ’ নিয়ে বেশ আলোচনা, তখনই এই সিনেমা আসার খবরে সিলমোহর দিলেন তানিম নূর। ঢাকা পোস্টকে এই নির্মাতা বললেন, ‘আগামী বছর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে। বর্তমানে গল্প তৈরির কাজ চলছে, তবে কাস্ট এখনো ঠিক হয়নি। তাই কিছু বলতে চাচ্ছি না। এটি বড় পর্দার জন্য সম্পূর্ণ চলচ্চিত্র আকারে আসবে।’

শুধু নির্মাণ নয়, সিনেমাগুলোর প্রযোজনাও করেন তিনি। এখনও কয়েকটি সিনেমার কাজ তার হাতে রয়েছে— ঢাকা পোস্টকে এ কথাও জানান তানিম নূর।

ফলে, নতুন বছরজুড়ে তানিম নূরের যে একাধিক সিনেমা প্রেক্ষাগৃহে আসবে; তাতেও একরকম সিলমোহর দিলেন এই নির্মাতা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বিনোদন ভিশন: বাংলা ভাষায় চলচ্চিত্র, নাটক, সংগীত, ডিজিটাল মিডিয়া, সংস্কৃতি এবং সৃজনশীল অর্থনীতি সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য Creative Economy & Cultural Intelligence Platform হওয়া; যা শিল্পী, নির্মাতা, গবেষক, নীতিনির্ধারক, শিক্ষার্থী এবং সংস্কৃতিমনস্ক পাঠকদের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: চলচ্চিত্র, নাটক, ওটিটি, সংগীত, শিল্পকলা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সৃজনশীল শিল্পকে তথ্যনির্ভর সাংবাদিকতা, সমালোচনামূলক বিশ্লেষণ, গবেষণা এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপস্থাপন করা; যাতে সংস্কৃতি সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি হয় এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে ইতিবাচক অবদান রাখা যায়।