তৈলারদ্বীপ সেতুতে টোল আদায়ে নিষেধাজ্ঞা: হাইকোর্ট

Sep 20, 2026 - 18:11
 0  7
তৈলারদ্বীপ সেতুতে টোল আদায়ে নিষেধাজ্ঞা: হাইকোর্ট

চট্টগ্রামের সাঙ্গু নদীর ওপর নির্মিত তৈলারদ্বীপ সেতুতে টোল আদায়ের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে সেতুটির টোল আদায়সংক্রান্ত দরপত্রের কার্যক্রমে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রিটকারী মুহাম্মদ নিজাম উদ্দিন।

বাঁশখালীর সমাজকর্মী ও জুলাই যোদ্ধা মুহাম্মদ নিজাম উদ্দিনের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. আজিজ আহমেদ ভূঁইয়ার সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ ১৫ সেপ্টেম্বর এ আদেশ দেন।

রিটকারী মুহাম্মদ নিজাম উদ্দিন জানান, সম্প্রতি তৈলারদ্বীপ সেতুতে টোল আদায়ের জন্য চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে দরপত্র আহ্বান করা হয়। গত ৬ সেপ্টেম্বর জারি করা ওই বিজ্ঞপ্তিতে ২০২৬-২৭ থেকে ২০২৯-৩০ অর্থবছর পর্যন্ত চার বছরের জন্য সেতুটিতে টোল আদায়ের উদ্যোগ নেওয়া হয়।

রিট আবেদনের পর শুনানি শেষে আদালত টোল আদায়ের বিজ্ঞপ্তির বৈধতা নিয়ে রুল জারি করেন। একই সঙ্গে ওই বিজ্ঞপ্তির আওতায় নতুন কোনো দরপত্র গ্রহণ বা খোলা, দরপত্র অনুমোদন, ইজারাদার নিয়োগ ও ইজারা চুক্তি সম্পাদন এবং সেতু ব্যবহারকারীদের কাছ থেকে যেকোনো উপায়ে টোল আদায়ের কার্যক্রমে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

রিটকারী  বলেন, তৈলারদ্বীপ সেতু দিয়ে প্রতিদিন চট্টগ্রাম, পটিয়া, আনোয়ারা, বাঁশখালীসহ দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন এলাকার বিপুলসংখ্যক মানুষ ও যানবাহন চলাচল করে। নতুন করে টোল আরোপের উদ্যোগে সাধারণ মানুষ ও পরিবহন মালিক-শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। জনস্বার্থে এ উদ্যোগের বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিট আবেদন করেন।

তিনি আরও বলেন, আদালতের আদেশের সার্টিফাইড কপি পাওয়ার প্রক্রিয়া চলছে। কপি পাওয়ার পর সংশ্লিষ্ট দপ্তরে তা জমা দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে তিনি হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী তৈলারদ্বীপ সেতুতে টোলসংক্রান্ত সব কার্যক্রম বন্ধ রাখার জন্য সড়ক ও জনপথ বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে দক্ষিণ চট্টগ্রামের জনগণকে শান্ত ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।

তৈলারদ্বীপ সেতু দিয়ে বাঁশখালী ছাড়াও পটিয়া, আনোয়ারা এবং কক্সবাজারের পেকুয়া, মহেশখালী, চকরিয়া ও কুতুবদিয়া এলাকার মানুষ ও পণ্যবাহী যানবাহন চলাচল করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বাংলাদেশ ভিশন: বাংলাদেশ রাষ্ট্র, সরকার, উন্নয়ন, নীতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও জাতীয় রূপান্তর সম্পর্কে বাংলা ভাষার সর্বাধিক বিশ্বাসযোগ্য, গবেষণানির্ভর এবং প্রভাবশালী জ্ঞানভান্ডার হওয়া; যা নাগরিক, নীতিনির্ধারক, গবেষক, শিক্ষার্থী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বাংলাদেশের নির্ভরযোগ্য রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বাংলাদেশের রাষ্ট্রনীতি, শাসনব্যবস্থা, জননীতি, জাতীয় উন্নয়ন, মেগা প্রকল্প এবং সমসাময়িক জাতীয় ইস্যুসমূহকে তথ্য-যাচাই, গবেষণা, ডেটা বিশ্লেষণ এবং প্রেক্ষাপটসমৃদ্ধ সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে নাগরিকেরা শুধু "কি ঘটেছে" নয়, বরং "কেন ঘটেছে", "এর প্রভাব কী" এবং "এর ভবিষ্যৎ তাৎপর্য কী"—তা বুঝতে পারেন।