জুমার পর জাতীয় স্মৃতিসৌধে যাবেন তারেক রহমান, থাকবে ৪ স্তরের নিরাপত্তা
বিনা ডেস্ক
জুমার নামাজের পর সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে জাতীয় স্মৃতিসৌধ ও তার আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে এবং নেওয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা। তারেক রহমানের আগমন উপলক্ষে এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন সাভার-আশুলিয়ার বিএনপির নেতাকর্মীরা।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ আসনে দলীয় প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, দীর্ঘ ১৭ বছর পরে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারক রহমান। তিনি শুক্রবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে আসবেন। সেখানে সাভার-আশুলিয়ার প্রায় এক লাখ নেতাকর্মী উপস্থিত থাকবেন।
জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার খান আনু বলেন, জাতীয় স্মৃতিসৌধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসবেন। তার নিরাপত্তার জন্য পুলিশ কাজ করছে।
সর্বসাধারণের জন্য জাতীয় স্মৃতিসৌধ উন্মুক্ত থাকবে কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেক মানুষ স্মৃতিসৌধ প্রাঙ্গণে আসবে। তবে, সবার জন্য উন্মুক্ত থাকবে কি না, তা এখনো সিদ্ধান্ত হয়নি। সকালে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক, ক্রাইম অ্যান্ড অপস) আরাফাতুল ইসলাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসবেন। সে কারণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়াও চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
What's Your Reaction?